চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক সহযোগিতায় উদ্বিগ্ন ভারত, ৫২ সামরিক স্যাটেলাইট মোতায়েনের পরিকল্পনা

দিল্লি,২৯ নভেম্বর-চীন, পাকিস্তান ও তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতা বাড়তে থাকায় নতুন করে উদ্বেগে পড়েছে ভারত। চীন ও তুরস্কের সহায়তায় পাকিস্তানের মহাকাশ সক্ষমতা ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে নিজেদের কৌশলগত অবস্থান ধরে রাখতে ভারতকে দ্রুত নিজস্ব মহাকাশভিত্তিক সামরিক সম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল এন এস রাজা সুব্রামানি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে ‘ভবিষ্যতের যুদ্ধ এবং বহুমুখী অভিযান পরিচালনায় ভারতের প্রস্তুতি’ শীর্ষক এক অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
জেনারেল সুব্রামানি বলেন, বেইজিংয়ের সহায়তায় ইসলামাবাদের মহাকাশ কর্মসূচি ক্রমাগত এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে পাকিস্তানের জাতীয় মহাকাশ সংস্থা ‘সুপারকো’ নিজেদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন, ‘চীনের সহায়তায় পাকিস্তানের মহাকাশ সক্ষমতা উন্নত হচ্ছে। সুপারকোও নিজস্ব সক্ষমতা বিকাশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে তুরস্কের কাছ থেকেও তারা সহায়তা পেতে পারে বলে যৌক্তিকভাবে প্রত্যাশা করা যায়।’
সিডিএস উল্লেখ করেন, বিশেষ করে ‘অপারেশন সিঁদুর’ চলাকালে এবং এর পরবর্তী সময়ে পাকিস্তান, চীন ও তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতা বাড়তে থাকায় বিষয়টি ভারতের নিরাপত্তা মূল্যায়নে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জেনারেল সুব্রামানি জানান, গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও পর্যবেক্ষণ (আইএসআর) এবং পজিশনিং, নেভিগেশন ও টাইমিং ব্যবস্থায় চীনের উন্নত প্রযুক্তি ব্যবহারের সুযোগ পেতে পারে পাকিস্তান। এতে দেশটির অভিযান পরিচালনার সচেতনতা ও যুদ্ধক্ষেত্রে সক্ষমতা বহুগুণ বেড়ে যেতে পারে।
তিনি বলেন, ‘আইএসআর, পজিশনিং, নেভিগেশন ও টাইমিংয়ের মতো ক্ষেত্রে চীনের যেকোনো সক্ষমতা পাকিস্তান কাজে লাগাতে পারে। ভারতের কৌশলগত পরিকল্পনায় বিষয়টি অবশ্যই বিবেচনায় নিতে হবে।’ এর জবাবে নয়াদিল্লিকে নিজেদের নজরদারি ব্যবস্থা ও মহাকাশভিত্তিক সম্পদ আরও শক্তিশালী করতে হবে বলেও জানান তিনি।
উদীয়মান এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের সামরিক মহাকাশ কাঠামো শক্তিশালী করার বড় উদ্যোগ হিসেবে ‘স্পেস বেজড সার্ভিল্যান্স (এসবিএস) ফেজ-৩’ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন সিডিএস। এই উচ্চাভিলাষী কর্মসূচির আওতায় আগামী তিন বছরে ৫২টি বিশেষায়িত সামরিক স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ মোতায়েনের পরিকল্পনা করেছে ভারত।
২০২৪ সালের অক্টোবরে ভারতের মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটি এ প্রকল্পের অনুমোদন দেয়। ডিফেন্স স্পেস এজেন্সি এবং হেডকোয়ার্টার্স ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের তত্ত্বাবধানে এটি বাস্তবায়িত হবে। ২৬ হাজার ৯৬৮ কোটি রুপি ব্যয়ের এ কর্মসূচির আওতায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) ২১টি স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ করবে। বাকি ৩১টি স্যাটেলাইট তৈরির দায়িত্বে থাকবে বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো। জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট প্রকল্পে বেসরকারি শিল্পের বাড়তি ভূমিকার বিষয়টিও এতে প্রতিফলিত হয়েছে।
এ ছাড়া চীনের মহাকাশ সক্ষমতার দ্রুত সম্প্রসারণের কথা উল্লেখ করে জেনারেল সুব্রামানি বলেন, বেইজিং এমন অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করেছে, যা স্যাটেলাইট অকার্যকর করতে বা সেগুলোকে লক্ষ্যবস্তু বানাতে সক্ষম। স্যাটেলাইট যোগাযোগ ও নেভিগেশন নেটওয়ার্কে বিঘ্ন ঘটাতে পারে—এমন অ্যান্টি-স্যাটেলাইট ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধের সরঞ্জাম চীনের কাছে রয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হয়।
এ পরিস্থিতিতে সিডিএস জেনারেল সুব্রামানি বলেন, আধুনিক যুদ্ধের পরিবর্তনশীল ধরন অনুযায়ী প্রস্তুত থাকতে ভারতকে উন্নত মহাকাশ, নজরদারি ও প্রতিরক্ষা প্রযুক্তিতে বিনিয়োগ অব্যাহত রাখতে হবে। কারণ বর্তমান সময়ে স্থল, জল ও আকাশপথের মতো মহাকাশেও আধিপত্য বিস্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
এস এম/ ২৯ নভেম্বর ২০২৬







