জাতীয়

অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে এক লাখের বেশি এমএফএস অ্যাকাউন্ট বন্ধ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান

ঢাকা,২৯ নভেম্বর- গোপালগঞ্জ জেলায় এক লাখেরও বেশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাকাউন্ট বন্ধ বা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কী কারণে এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (২৯ নভেম্বর) সাংবাদিকরা এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খানকে প্রশ্ন করেন।

জবাবে তিনি বলেন, অস্বাভাবিক লেনদেনের কারণে গোপালগঞ্জ জেলায় প্রায় এক লাখ এমএফএস অ্যাকাউন্ট বন্ধ বা স্থগিত রাখা হয়েছে। আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরামর্শে এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে অ্যাকাউন্টগুলো কত দিন বন্ধ থাকবে এবং কবে আবার চালু করা হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ নভেম্বর গোপালগঞ্জের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এর কয়েক দিন পর টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া সড়ক অবরোধ করে গোপালগঞ্জের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তবে এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগ করেনি।

গোপালগঞ্জে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উসকানি দেওয়া এবং অর্থায়ন করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে সন্দেহজনক আর্থিক লেনদেন শনাক্ত ও নিয়ন্ত্রণের জন্য গত বুধবার জেলায় এমএফএস সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছে সূত্র।

এস এম/ ২৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language