চাল, গম, চিনি, তেলসহ নিত্যপণ্য আমদানিতে পাকিস্তানের সঙ্গে ৫ বছরের চুক্তি

ঢাকা,২৯ নভেম্বর- দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করা, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং আমদানির বিকল্প উৎস বাড়ানোর লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সরকারি পর্যায়ে (জি-টু-জি) বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও পাকিস্তানের ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
এই সমঝোতার আওতায় দুই দেশ নিজেদের চাহিদা অনুযায়ী চাল, গম, চিনি, ভোজ্যতেল, ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য, কৃষিপণ্য ও কৃষি উপকরণ আমদানি-রপ্তানি করতে পারবে।
রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার ইমরান হায়দার এতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ বাংলাদেশ ও পাকিস্তান সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজেদের চাহিদা ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিভিন্ন পণ্য কেনাবেচা করতে পারবে। সম্ভাব্য পণ্যের তালিকায় রয়েছে সব ধরনের চাল, গম, পরিশোধিত ও অপরিশোধিত চিনি, ক্যানোলা, সয়াবিন, সূর্যমুখী, রাইস ব্র্যান ও পাম অলিনসহ বিভিন্ন ধরনের ভোজ্যতেল। এ ছাড়া তিল, আলু, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা, চা, আনারস, কাঁঠাল, খেজুর এবং সারসহ বিভিন্ন কৃষিপণ্য ও কৃষি উপকরণও এই বাণিজ্য সহযোগিতার আওতায় থাকবে।
তবে সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার অর্থ এই নয় যে, এসব পণ্য আমদানি বা রপ্তানির চূড়ান্ত চুক্তি সঙ্গে সঙ্গেই সম্পন্ন হয়েছে। কোনো পক্ষ নির্দিষ্ট পণ্য সংগ্রহ করতে চাইলে পণ্যের মান, পরিমাণ, স্পেসিফিকেশন ও সম্ভাব্য সরবরাহের সময় উল্লেখ করে অপর পক্ষকে লিখিত প্রস্তাব দিতে হবে। এরপর আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে প্রতিটি পণ্যের জন্য আলাদা চুক্তি করে সরবরাহের শর্ত ঠিক করা হবে। ফলে দুই দেশের মধ্যে সরাসরি সরকারি বাণিজ্যের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হলেও প্রতিটি লেনদেনের মূল্য, পরিমাণ, গুণগত মান ও সরবরাহের সময়সূচি আলাদাভাবে চূড়ান্ত করা হবে।
অনুষ্ঠানে বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি ও সুসংগঠিত বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে। এতে দুই দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কৃষিপণ্য আমদানি-রপ্তানিতে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলো পণ্যের মান, পরিমাণ, সরবরাহের সময়সূচি ও আর্থিক বিষয় নিয়ে সরাসরি আলোচনা করে লেনদেনের শর্ত চূড়ান্ত করতে পারবে বলেও জানান তিনি।
চুক্তির কার্যকর বাস্তবায়নের জন্য টিসিবি ও টিসিপির মধ্যে নিয়মিত যোগাযোগ, বাণিজ্যিক প্রস্তাব সময়মতো মূল্যায়ন এবং দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন বাণিজ্য সচিব। তিনি বলেন, এই উদ্যোগ দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, নতুন সমঝোতা স্মারকের মাধ্যমে পাকিস্তান ও বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি প্রাতিষ্ঠানিক সম্পর্ক তৈরি হবে। এটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি-রপ্তানি ও সরবরাহ ব্যবস্থাকে আরও সুসংগঠিত করতে সহায়তা করবে।
তিনি জানান, পাকিস্তানে বাসমতি চাল, পেঁয়াজ, আলু ও মসলাসহ বিভিন্ন কৃষিপণ্যের উদ্বৃত্ত মজুত রয়েছে। বাংলাদেশের চাহিদা অনুযায়ী এসব পণ্য সরবরাহ করতে পাকিস্তান প্রস্তুত রয়েছে।
দুই দেশের সম্পর্কের অগ্রগতি তুলে ধরে হাইকমিশনার আরও জানান, সাম্প্রতিক সময়ে বাণিজ্য, শিক্ষা ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বেড়েছে। বাংলাদেশ থেকে আমদানি করা হাইড্রোজেন পারঅক্সাইডের ওপর পাকিস্তান অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার করেছে। পাশাপাশি বাংলাদেশ থেকে বছরে ১০ হাজার মেট্রিক টন চা আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত কোটা বহাল রেখেছে। গত অক্টোবরে ঢাকা থেকে বাংলাদেশি আনারসের প্রথম চালান করাচিতে পৌঁছেছে বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, এই সমঝোতা স্মারক শুধু আনুষ্ঠানিক দলিল বা পারস্পরিক সদিচ্ছার প্রকাশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর মূল লক্ষ্যকে বাস্তব বাণিজ্যিক ফলাফলে রূপ দেওয়াই হবে দুই প্রতিষ্ঠানের সম্মিলিত দায়িত্ব। তাঁর মতে, এটি পারস্পরিক লাভজনক বাণিজ্যের সুযোগ খোঁজা, পণ্য সংগ্রহের প্রক্রিয়া সহজ করা এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
তিনি আরও বলেন, নির্দিষ্ট পণ্য চিহ্নিত করা, প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ, গুণগত মান নিশ্চিত করা এবং দুই দেশের চাহিদা অনুযায়ী সময়মতো পণ্য সরবরাহের জন্য টিসিবি ও টিসিপি ঘনিষ্ঠভাবে কাজ করবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা তৈরি এবং বাস্তবভিত্তিক বাণিজ্য সম্প্রসারণের পথ আরও সহজ হবে বলে আশাবাদ জানান তিনি।
প্রসঙ্গত, সমঝোতা স্মারকটি স্বাক্ষরের দিন থেকে পাঁচ বছর কার্যকর থাকবে। কোনো পক্ষ বাতিলের উদ্যোগ না নিলে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য নবায়ন হবে। তবে যেকোনো পক্ষ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অন্তত তিন মাস আগে লিখিত নোটিশ দিয়ে এটি বাতিল করতে পারবে।
সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের সরবরাহ সংকট, মূল্যবৃদ্ধি কিংবা প্রচলিত আমদানি উৎস নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে বিকল্প উৎস থেকে পণ্য সংগ্রহের সুযোগ দেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে সরকারি পর্যায়ে সরাসরি বাণিজ্যের কাঠামো থাকায় পণ্য সংগ্রহ ও সরবরাহের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে। তবে এই সমঝোতা দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে, তা নির্ভর করবে পণ্যভিত্তিক চুক্তি, আমদানি ব্যয়, প্রতিযোগিতামূলক মূল্য, পণ্যের গুণগত মান এবং সময়মতো সরবরাহ নিশ্চিত করার ওপর।
টিসিবি ও টিসিপির মধ্যে পাঁচ বছর মেয়াদি এই সমঝোতা স্মারক বাংলাদেশ ও পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের পাশাপাশি দেশের খাদ্যনিরাপত্তা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থায় বিকল্প উৎস তৈরির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
এস এম/ ২৯ নভেম্বর ২০২৬







