সুইজারল্যান্ডের কূটনৈতিক কার্যালয় বন্ধ করে প্রধানকে ৪৮ ঘণ্টায় দেশ ছাড়ার নির্দেশ উত্তর কোরিয়ার

পিয়ংইয়ং,২৬ নভেম্বর-রাশিয়ার দখল করা ইউক্রেনীয় ভূখণ্ডের শিশুদের উত্তর কোরিয়ার একটি শিবিরে পাঠানোর অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়ায় পিয়ংইয়ংয়ে সুইজারল্যান্ডের কূটনৈতিক কার্যালয়ের প্রধানকে বহিষ্কার করেছে উত্তর কোরিয়া। তাকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাতে বলা হয়েছে, সুইজারল্যান্ডের কূটনৈতিক প্রতিনিধি সিলভাঁ আস্তিয়েরকে তলব করে কার্যালয় বন্ধের নির্দেশসংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন ও দেশটির প্রভাবশালী কর্মকর্তা কিম ইয়ো জং সুইজারল্যান্ডের নিষেধাজ্ঞাকে ‘প্রকাশ্য শত্রুতামূলক কর্মকাণ্ড’ এবং উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেন।
এই বিরোধের কেন্দ্রে রয়েছে উত্তর কোরিয়ার সংদোওন আন্তর্জাতিক শিশু শিবির। রাশিয়ার দখল করা ইউক্রেনীয় অঞ্চল থেকে শিশুদের সেখানে নিয়ে গিয়ে রাশিয়াপন্থী প্রচারণা ও মতাদর্শে প্রভাবিত করার অভিযোগ রয়েছে। মঙ্গলবার শিবিরটিকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করে সুইজারল্যান্ড। দেশটির অভিযোগ, এই শিবিরে শিশুদের রাশিয়াপন্থী বক্তব্য প্রচার এবং প্রচারণামূলক কর্মকাণ্ডে যুক্ত করা হয়।
এর আগে গত মে মাসে যুক্তরাজ্য এবং সেপ্টেম্বরে ইউরোপীয় ইউনিয়নও শিবিরটির ওপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে। এসব নিষেধাজ্ঞার আওতায় শিবিরটির সম্পদ জব্দ এবং আর্থিক লেনদেন নিষিদ্ধ করা হয়।
এদিকে, উত্তর কোরিয়ার এ সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছে, বেইজিংয়ে অবস্থিত সুইস দূতাবাস এবং বার্নে উত্তর কোরিয়ার দূতাবাসের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকবে। আস্তিয়েরকে বেইজিংয়ে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। তবে পিয়ংইয়ংয়ের কার্যালয় বন্ধ হয়ে গেলেও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বজায় থাকবে।
উল্লেখ্য, ১৯৭৪ সাল থেকে সুইজারল্যান্ড ও উত্তর কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে। গত মাসেই সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস পিয়ংইয়ং সফর করেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশটিতে সুইস কূটনৈতিক কার্যালয় আবার চালুর উদ্যোগও নেওয়া হয়েছিল।
এস এম/ ২৬ নভেম্বর ২০২৬







