শনিবার থেকে দেশের সব কারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর

ঢাকা,২৬ নভেম্বর-শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শনিবার থেকে দেশের সব কারখানা যেন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চালু হয়, সেটিই আজ সবার প্রত্যাশা। এ বিষয়ে প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে শ্রম ভবনে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। পৃথিবী যত দিন থাকবে, তত দিন সমস্যা থাকবে। আজ যে সমস্যা তৈরি হয়েছে, তা আগামীকালই শেষ হয়ে যাবে, এমন নয়। তাই হঠাৎ কোনো সিদ্ধান্ত না নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। শ্রমিকদের যেমন কথা বলার অধিকার রয়েছে, তেমনি সরকারেরও সেসব কথা শোনার দায়িত্ব আছে। সরকারের সামর্থ্য অনুযায়ী শ্রমিকদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে।
তিনি বলেন, এত অল্প সময়ের মধ্যে মজুরি বোর্ড গঠন এবং বোর্ডের সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে শ্রমিকনেতা ও মালিকপক্ষের সদস্যদের সদিচ্ছার কারণে। আমি বলব, তাঁদের মধ্যে দেশপ্রেম রয়েছে। প্রকৃতপক্ষে শ্রমিকেরা ন্যায্য দাবি নিয়ে যে আন্দোলন করেছিলেন, মালিকপক্ষও তার বিরোধিতা করেনি। বরং কীভাবে বিষয়টিকে একটি সুন্দর পরিবেশে নিয়ে আসা যায়, সে বিষয়টি তারা ভেবেছে।
আরিফুল হক চৌধুরী বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিভিন্ন সময়ে কিছু ইস্যু তৈরি হয়। কিছু মানুষ নানা কথা বলেন। নেতৃত্বের ক্ষেত্রে কিছুটা শূন্যতাও তৈরি হয়। আমার মনে হয়, এগুলো গণতান্ত্রিক চর্চারই অংশ। আমি দেখেছি, অধিকাংশ শ্রমিক সংগঠনের নেতারা আন্দোলন থেকে শুরু করে মজুরি বোর্ড গঠন পর্যন্ত রাত ১টা-২টা পর্যন্ত সম্মিলিতভাবে সহযোগিতা করেছেন। এ জন্য আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
একই সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গভীর রাত পর্যন্ত আমরা যেভাবে সহযোগিতা চেয়েছি, তাঁরা সেভাবেই আমাদের সহযোগিতা করেছেন।
শ্রমমন্ত্রী বলেন, বাংলাদেশে এই প্রথম কোনো মজুরি বোর্ডের সিদ্ধান্ত ঘোষণার পর শ্রমিকদের পক্ষ থেকে তাঁদের প্রতিনিধি বক্তব্য দিচ্ছেন। সরকারি দলের কোনো নেতাকে দিয়ে বক্তব্য দেওয়ানো হচ্ছে না। এটি গণতান্ত্রিক সরকারের একটি ইতিবাচক দৃষ্টান্ত। এ কারণেই শ্রমিক ও মালিকপক্ষ সবাই একটি নিরপেক্ষ অবস্থানে পৌঁছাতে পেরেছে।
এস এম/ ২৬ নভেম্বর ২০২৬







