মহাকাশে ১০ লাখ ডেটা সেন্টার স্যাটেলাইট স্থাপনে স্পেসএক্সের পরিকল্পনা অনুমোদন

ওয়াশিংটন, ২৬ নভেম্বর-মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনা করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। প্রতিষ্ঠানটির এ পরিকল্পনায় অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল নিয়ন্ত্রক সংস্থা। বুধবার ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) স্পেসএক্সের ১০ লাখ স্যাটেলাইট স্থাপনের প্রস্তাব অনুমোদন করে। এসব উপগ্রহ কক্ষপথে থেকেই তথ্য প্রক্রিয়াকরণের কাজ করবে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ ধরনের অনুমোদন এই প্রথম।
এফসিসি এক বিবৃতিতে জানায়, স্পেসএক্সের তৈরি ‘স্টারমাইন্ড’ নামের এসব উপগ্রহ বা কম্পিউট মডিউল তথ্য প্রক্রিয়াকরণের কাজে ব্যবহার করা হবে। সংস্থাটি বলেছে, এই অনুমোদনের ফলে মানবজাতি ‘কার্দাশেভ টাইপ-২ সভ্যতার’ আরও কাছাকাছি যাওয়ার সুযোগ তৈরি হবে। এ ধরনের সভ্যতা সূর্যের সম্পূর্ণ শক্তি ব্যবহার করতে সক্ষম।
এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বকে সুপার ইন্টেলিজেন্সের যুগে নেতৃত্ব দিচ্ছে।’
পরিকল্পনাটির সমর্থকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পের দ্রুত সম্প্রসারণের সঙ্গে তাল মেলাতে মহাকাশে ডেটা সেন্টার স্থাপন করা জরুরি। কারণ, পৃথিবীতে এসব কেন্দ্র পরিচালনার জন্য বিপুল পরিমাণ বিদ্যুৎ ও পানির প্রয়োজন হয়। পাশাপাশি অবকাঠামো তৈরির খরচও অনেক বেশি।
এফসিসির কাছে জমা দেওয়া আবেদনে স্পেসএক্স জানিয়েছে, এসব উপগ্রহ প্রায় নিরবচ্ছিন্ন সৌরশক্তি সরাসরি ব্যবহার করতে পারবে। একই সঙ্গে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের খরচ কমিয়ে ব্যয় এবং জ্বালানি ব্যবহারে বড় ধরনের সাশ্রয় সম্ভব হবে। পাশাপাশি পৃথিবীতে ডেটা সেন্টার স্থাপনের কারণে পরিবেশের ওপর যে প্রভাব পড়ে, সেটিও উল্লেখযোগ্যভাবে কমানো যাবে।
তবে সমালোচকদের মতে, মহাকাশে এ ধরনের ডেটা সেন্টার স্থাপনের প্রযুক্তি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তাই বাস্তবে এসব কেন্দ্র স্থাপন করতে আরও অনেক সময় লাগতে পারে।
যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস (জিএও) গত জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, মহাকাশভিত্তিক ডেটা সেন্টার পৃথিবীতে এসব কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় জমি, বিদ্যুৎ ও পানির চাহিদা কমাতে পারে। তবে এ পরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলগত ও অর্থনৈতিক নানা বাধা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ডেটা সেন্টারে প্রচুর তাপ উৎপন্ন হয়। কিন্তু মহাকাশে কম্পিউটিং যন্ত্রপাতি কার্যকরভাবে ঠান্ডা রাখা বেশ কঠিন। এটি বড় ধরনের প্রকৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এ ছাড়া কক্ষপথে উপগ্রহের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলে সেগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হবে। একই সঙ্গে উপগ্রহগুলোর মধ্যে সংঘর্ষের ঝুঁকিও তৈরি হতে পারে।
এফসিসি জানিয়েছে, অনুমোদিত লাইসেন্স অনুযায়ী স্পেসএক্সকে ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে উপগ্রহ স্থাপনের কাজ শুরু করতে হবে। ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে অনুমোদিত সর্বোচ্চ সংখ্যার অন্তত ১০ শতাংশ, অর্থাৎ ১ লাখ উপগ্রহ স্থাপন করতে হবে। আর ২০৩৮ সালের নভেম্বরের মধ্যে স্থাপন করতে হবে মোট সংখ্যার ৫০ শতাংশ।
তবে শেষ পর্যন্ত স্পেসএক্স ১০ লাখ উপগ্রহই মহাকাশে পাঠাবে কি না, তা এখনো পরিষ্কার নয়। বর্তমানে পৃথিবীর কক্ষপথে প্রায় ১৭ হাজার উপগ্রহ রয়েছে। নকশা ও পরিকল্পনায় কিছুটা নমনীয়তা রাখার জন্য উপগ্রহ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো অনেক সময় বাস্তবে যতগুলো উপগ্রহ পাঠানোর পরিকল্পনা করে, তার চেয়ে বেশি উপগ্রহ স্থাপনের অনুমোদন চেয়ে থাকে।
স্টারলিংক নেটওয়ার্ক চালুর আগে স্পেসএক্স ৪২ হাজার উপগ্রহ স্থাপনের অনুমোদন চেয়েছিল। বর্তমানে এই নেটওয়ার্কের আওতায় মহাকাশে থাকা উপগ্রহের সংখ্যা ১১ হাজারের কিছু বেশি।
স্পেসএক্সের নতুন পরিকল্পনা অনেকটাই নির্ভর করছে প্রতিষ্ঠানটির পরবর্তী প্রজন্মের পুনর্ব্যবহারযোগ্য রকেট ‘স্টারশিপ’-এর ব্যয় কমানোর ওপর। রকেটটি এখনো উন্নয়নাধীন রয়েছে। উপগ্রহগুলো মহাকাশে পাঠানোর জন্য এই রকেট ব্যবহারের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
এস এম/ ২৬ নভেম্বর ২০২৬







