দেশে ভোটার ১২ কোটি ৯২ লাখ, হালনাগাদ তালিকায় যুক্ত ৪ লাখের বেশি

ঢাকা,২৫ নভেম্বর-দেশের হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৯৭ জন।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সিনিয়র সচিব জানান, গত ৩১ আগস্ট নির্বাচন কমিশন যে ভোটার সংখ্যার তথ্য জানিয়েছিল, তার তুলনায় বুধবার পর্যন্ত দেশে নতুন ভোটার যুক্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন। এই হালনাগাদ ভোটার তালিকা দিয়েই আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজন করা হবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময়সূচিও জানিয়েছেন আখতার আহমেদ। তিনি জানান, ইউপি নির্বাচন নিয়ে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন। এ সংলাপে অংশ নিতে মোট ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে বলেও জানান ইসি সচিব।
এস এম/ ২৫ নভেম্বর ২০২৬







