জাতীয়

চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়াশিক্ষা বাধ্যতামূলক করার ঘোষণা আমিনুল হকের

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

ঢাকা,২৪ নভেম্বর-আগামী বছর থেকেই চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়াশিক্ষা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

মঙ্গলবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অভিভাবকরা সন্তানকে স্কুলে নিয়ে যান। এরপর সেখানে বসে থাকেন। ছুটি হলে আবার সন্তানকে নিয়ে বাড়ি ফেরেন। তিনি বলেন, ‘আমরা যে কাজটা করছি, শিক্ষার্থীদের স্কুলে দেওয়ার মতো বিকেলেও খেলার মাঠে নিয়ে যেতে হবে। তাছাড়া তার সন্তান পরীক্ষায় পাস করবে না।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী খেলাধুলার প্রতি খুবই আন্তরিক। বিগত ফ্যাসিস্টরা ফাঁকা জায়গা দখল করে ভবন তৈরি করেছিলেন। তবে বর্তমান প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা হলো, যেখানে ফাঁকা মাঠ রয়েছে, সেখানেই খেলার মাঠ তৈরি করতে হবে। আমিনুল হক বলেন, তিনি নিজেও খেলাধুলাপ্রিয়। ক্রীড়া অঙ্গনকে অনেক দূর এগিয়ে নিতে চান, যাতে যুবসমাজ মাদক ছেড়ে সুস্থ দেহে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। একই সঙ্গে একটি আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন কুঁড়ির প্রথম আসরে ১ লাখ ৬৫ হাজার প্রতিযোগী অংশ নেয়। সেখান থেকে বাছাই করা ৪০ জন খেলোয়াড়কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিকেএসপিগুলোকে স্বয়ংসম্পূর্ণ করা হচ্ছে, যাতে একজন শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি প্রশিক্ষিত খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে পারে।

জানা গেছে, আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার ফাইনালে ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য থাকে। ফলে দুই দলকেই যৌথ বিজয়ী ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, দুই উপ-উপাচার্য এবং রাজশাহী মহানগরীর প্রশাসক রিটন প্রমুখ।

এস এম/ ২৪ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language