ক্রিকেট

বাংলাদেশের ভারত সফর নিয়ে বিসিবি-বিসিসিআইয়ের আলোচনা অব্যাহত

বাংলাদেশের ভারত সফর

ঢাকা,২৩ নভেম্বর-বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফরের অপেক্ষায় থাকা সমর্থকদের জন্য সুখবর আসতে পারে। গত দুই বছরে একাধিকবার পিছিয়ে যাওয়ার পর এবার সীমিত ওভারের সিরিজটি আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মধ্যে আলোচনা এখনো চলছে।

বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। রাজনৈতিক উত্তেজনা, কূটনৈতিক জটিলতা এবং ঠাসা সূচির কারণে ভারতের বাংলাদেশ সফর বারবার বাধার মুখে পড়েছে। গত বছরের আগস্টে ভারতের জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে একটি ‘হোয়াইট-বল’ সিরিজ খেলার কথা ছিল। তবে দুই দেশের মধ্যকার রাজনৈতিক পরিস্থিতির কারণে সফরটি স্থগিত করা হয়। পরে তা ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে আয়োজনের জন্য নির্ধারণ করা হয়।

এরপরও পরিস্থিতির উন্নতি হয়নি। বরং ওই সময়ে ভারত নিজেদের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে একটি সিরিজ আয়োজনের পরিকল্পনা করে। যদিও বাংলাদেশ সফর এখনো নিশ্চিত হয়নি, তবে বিসিবি সভাপতি তামিম ইকবালের সর্বশেষ বক্তব্য ভক্তদের মনে নতুন আশার সঞ্চার করেছে।

‘ক্রেক্স’-এর প্রতিবেদন অনুযায়ী, তামিম ইকবাল বলেছেন, ‘আমরা এবার ভারতের বাংলাদেশ সফর নিয়ে আবারও আলোচনা করেছি। বিষয়টি এখনো আলোচনার পর্যায়েই রয়েছে। যখনই জানানোর মতো কোনো নতুন তথ্য আসবে, আপনারা সবার আগে তা জানতে পারবেন।’

বিসিবি সভাপতি হওয়ার পর থেকেই বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বিসিসিআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নের চেষ্টাও চালিয়ে যাচ্ছেন তিনি।

এছাড়া, বিসিবি সভাপতি আরও একটি আকর্ষণীয় পরিকল্পনা নিয়ে কাজ করছেন। আগামী বছরের এশিয়া কাপের আগে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছেন তিনি। এই সিরিজ তিন দলের জন্যই বড় টুর্নামেন্টের প্রস্তুতিতে সহায়ক হতে পারে।

বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে এবং সেখানে দ্বিতীয় টেস্ট খেলছে। অন্যদিকে, ভারত সম্প্রতি ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেছে। বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। তবে তামিম বিসিবির দায়িত্ব নেওয়ার পর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে।

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন বর্তমান বিসিবি সভাপতির অন্যতম অগ্রাধিকার। দুই ক্রিকেট বোর্ডের মধ্যে দূরত্ব কমাতে তিনি নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া, শোনা যাচ্ছে, বেশ কয়েকজন বাংলাদেশি খেলোয়াড় আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএল ২০২৭-এর মিনি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন।

এস এম/ ২৩ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language