
ঢাকা,২৩ নভেম্বর-ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
এদিন দুপুর সোয়া ১টার দিকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে।
নাহিদ ইসলাম ছাড়াও বৈঠকে অংশ নেন দলটির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তাঁদের সঙ্গে সচিবালয়ে যান দলটির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হোসাইন।
বৈঠকে আলোচনার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, গঙ্গা চুক্তি নতুন করে হলে ভারতের কাছে বাংলাদেশের কঠোর বার্তা দিতে হবে। পাশাপাশি পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। ভারতের আধিপত্যবাদ মোকাবিলায় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন তাঁরা।
এনসিপির আহ্বায়ক বলেন, সরকারকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করার কথা বলেছেন তাঁরা। একই সঙ্গে ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও কথা বলেছেন। এ ছাড়া সংবিধান সংশোধনসংক্রান্ত একদলীয় কমিটি জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে উল্লেখ করে তাঁরা ওই কমিটি বাতিলের সুপারিশ করেছেন।
নাহিদ ইসলাম বলেন, এই লড়াই আওয়ামী লীগের সঙ্গে নয়। ৫ আগস্টেই তাদের পরাজিত করা হয়েছে। এখনকার লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। গতকালও হিন্দুত্ববাদী একটি সংগঠন সীমান্তের কাছে বাংলাদেশবিরোধী সমাবেশ করেছে, যেখানে পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের কয়েকজন নেতাও যুক্ত হয়েছেন। অথচ আওয়ামী লীগ আমলেই সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি।
বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, সরকারের পক্ষ থেকে ঐক্যের আহ্বান জানানো হয়েছে। তবে শুধু আলোচনার জন্য আলোচনা নয়, তা যেন ফলপ্রসূ হয়। শুধু ডিসেম্বরকে কেন্দ্র করে নয়, জুলাইয়ের সব শক্তিকে নিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য প্রয়োজন।
উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সেদিন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানও দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে কথা বলেন। এর ধারাবাহিকতায় আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হয়েছে।
প্রথম দল হিসেবে এনসিপির নেতারা দুপুরে সরকারপ্রধানের সঙ্গে সংলাপে বসেন। জাতীয় ঐক্যের লক্ষ্যে জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর আলোচনায় বসার কথা রয়েছে।
এস এম/ ২৩ নভেম্বর ২০২৬







