চট্টগ্রাম

হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি মরিচ যাচ্ছে মধ্যপ্রাচ্যেও, কেজি ৬০০ টাকা

হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি মরিচ

চট্রগ্রাম,২৩ নভেম্বর-প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর পাড়ে বছরের পর বছর ধরে উত্তর চট্টগ্রামের স্থানীয় কৃষকরা হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি লাল মরিচ চাষ করে আসছেন। তুলনামূলক কম ঝাল এবং বিশেষ ঘ্রাণের কারণে এই মরিচের সুনাম রয়েছে দেশজুড়ে। বর্তমানে এই মরিচের খ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি মরিচ।

হাটহাজারীর এই মরিচ দিয়ে রান্না করা তরকারি অত্যন্ত সুস্বাদু হয়। মিষ্টি মরিচ বলতে মূলত স্বাদে মিষ্টি বোঝানো হয় না। মরিচটির অসাধারণ ঘ্রাণের কারণেই এটি মিষ্টি মরিচ নামে পরিচিতি পেয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্রিটিশ আমল থেকেই হাটহাজারীর মিষ্টি মরিচ গৃহিণী ও রন্ধনশিল্পীদের কাছে বেশ জনপ্রিয়। তরকারি রান্নায় স্বাদ, ঘ্রাণ ও রঙের কারণে এই মরিচের সুনাম ছড়িয়ে পড়ে। মূলত হাটহাজারীর মিষ্টি মরিচের রং, ঘ্রাণ ও স্বাদের ভিন্নতার কারণেই এটি সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মিষ্টি মরিচ বলতে মূলত স্বাদে মিষ্টি বোঝায় না। মরিচটির অসাধারণ ঘ্রাণের কারণেই এটি মিষ্টি মরিচ নামে পরিচিতি পেয়েছে। এটি আসলে মিষ্টি ঘ্রাণযুক্ত কম ঝালের একটি মরিচ। এর বিশেষ ঘ্রাণ ও আকর্ষণীয় রঙের কারণেই স্থানীয় ও জাতীয় পর্যায়ের পাশাপাশি দেশের বাইরেও এই মরিচের কদর বেড়েছে।

হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন, নাঙ্গলমোড়া, ছিপাতলী, মেখল ও গড়দুয়ারা এলাকার স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ করে হালদা নদীর পাড় ও চরে কয়েকশ একর জমিতে মরিচ চাষ করা হয়। প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকলে মরিচ চাষিরা প্রতি মৌসুমে ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকার মরিচ বিক্রি করেন। এক ফসলি মরিচ চাষের শুরুতে তাদের প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকা খরচ হলেও কৃষকরা এর দ্বিগুণ লাভ করেন। হাটহাজারীর এই মরিচের আরেকটি বিশেষত্ব হলো, কাঁচা মরিচ দিয়ে তৈরি চাটনি ও সালাদ স্বাদে ও ঘ্রাণে অতুলনীয়। শুকনো অবস্থায় এই মরিচের রং আকর্ষণীয় লাল এবং কাঁচা অবস্থায় হলুদাভ সবুজ হয়। হাটহাজারীর মিষ্টি মরিচ বিখ্যাত হওয়ার আরেকটি কারণ হলো, প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর অববাহিকায় এই মরিচের চাষ হয়। এ কারণে এটি ‘হালদা মরিচ’ নামেও পরিচিত।

মাটির বৈশিষ্ট্য:

হালদা নদীর তীরবর্তী জৈব পদার্থসমৃদ্ধ ও পানি নিষ্কাশনের উপযোগী দোআঁশ মাটিতে মিষ্টি মরিচ ভালো জন্মে।

হালদা মরিচের বিশেষত্ব:

1. টকটকে কালচে লাল রঙের এবং মিষ্টি ঘ্রাণযুক্ত।

2. ঝালের পরিমাণ কম।

3. মরিচের আকার ২ দশমিক ৫ থেকে ৪ ইঞ্চি।

4. আকারে মোটা এবং চামড়া পাতলা।

5. গাছের উচ্চতা ৩ দশমিক ৫ থেকে ৪ ফুট।

6. প্রতি গাছে ৫০ থেকে ৮০টি মরিচ ধরে।

7. আয়ুষ্কাল ১২০ থেকে ১৩০ দিন।

8. হেক্টরপ্রতি ফলন ১ দশমিক ৫ থেকে ২ মেট্রিক টন।

9. আবাদের মৌসুম রবি।

অন্যান্য মরিচের সঙ্গে দামের পার্থক্য:

বাজারে চাহিদার ওপর নির্ভর করে হালদা মরিচের দাম প্রতি কেজি ৩৫০ থেকে ৬০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মৌসুমভেদে দেশি ও অন্যান্য জাতের মরিচের তুলনায় হালদা মরিচের দাম প্রতি কেজিতে ৫০ থেকে ১০০ টাকা বেশি থাকে।

স্থানীয় কৃষকরা জানান, হাটহাজারীর বেলে-দোআঁশ মাটি এবং এখানকার জলবায়ুতে এই মরিচের চাষ হয় বলেই ফলন ভালো হয় এবং মরিচের গুণগত মানও ভালো থাকে। শুধু হাটহাজারী নয়, হালদা নদীর অববাহিকায় পার্শ্ববর্তী রাউজান ও ফটিকছড়ি উপজেলাতেও এই জাতের মরিচ চাষ করা হয়। রাউজান ও ফটিকছড়িতে একই বীজের মরিচ চাষ হলেও হাটহাজারীর মরিচের চাহিদা ও কদর বেশি। এই মরিচ কিনতে দূর-দূরান্ত থেকে ক্রেতারা হাটহাজারীতে আসেন।

কোথায় পাবেন হালদা পাড়ের মিষ্টি মরিচ:

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সদরের কাচারি সড়কের মাঝামাঝি এলাকায় মরিচহাটার গলিতে প্রতি রোববার ও বৃহস্পতিবার হাটহাজারীর মরিচ বিক্রি হয়। অন্যান্য মরিচের তুলনায় হাটহাজারীর এই মরিচের দাম প্রায় দ্বিগুণ। তারপরও ক্রেতাদের কাছে এর চাহিদা বেশি। শীত মৌসুমে বিশেষ করে চট্টগ্রামের মানুষ এই মিষ্টি মরিচের চারা কেনার অপেক্ষায় থাকেন। মৌসুমে ফটিকছড়ি, রাউজানসহ আশপাশের বিভিন্ন এলাকার কৃষকরা মিষ্টি মরিচের বীজ ও চারা কিনতে এই বাজারে ভিড় করেন।

মরিচের আবাদ দ্বিগুণ করার লক্ষ্যে উপজেলা কৃষি অফিসের সুপারিশ:

হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ি উপজেলার হালদা নদীর তীরবর্তী এলাকায় যুগ যুগ ধরে হালদা মরিচের চাষ হয়ে আসছে। কৃষকদের নিজস্ব উদ্যোগে আবাদ, বীজ উৎপাদন ও সংরক্ষণের কারণে দীর্ঘদিন ধরে এই জাতের মরিচের মাতৃগুণাগুণ ও বালাইয়ের প্রতি সহনশীলতা ধীরে ধীরে কমে আসছে। ফলে এই মরিচের চাষে কৃষকদের আগ্রহও কমছে।

এ কারণে কৃষকরা হাইব্রিড মরিচ চাষের দিকে ঝুঁকছেন। ফলে দেশীয় জাত হিসেবে হালদা মরিচের চাষাবাদ ঝুঁকির মধ্যে পড়েছে। দেশীয় এই জাতের মরিচের আবাদ বাড়াতে কয়েকটি কার্যক্রম সমন্বিতভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

হালদা মরিচের জার্মপ্লাজম সংগ্রহ, এর বৈশিষ্ট্য নিরূপণ এবং উচ্চফলনশীল জাত হিসেবে উন্নয়নের জন্য বিশেষ গবেষণা কার্যক্রম গ্রহণ ও প্রয়োজনীয় বরাদ্দের ব্যবস্থা করতে হবে।

বিশুদ্ধ বীজ উৎপাদন, সংরক্ষণ এবং বালাই ব্যবস্থাপনা প্রযুক্তি ছড়িয়ে দিতে কৃষকদের প্রশিক্ষণ দিতে হবে।

মাটির জৈব পদার্থ বাড়ানো এবং মাটির স্বাস্থ্য পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। পাশাপাশি মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম সার ব্যবহারের পাশাপাশি জৈব সার, ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট ব্যবহারে কৃষকদের বিশেষ প্রণোদনা দিতে হবে।

হালদা মরিচকে স্থানীয় কৃষি ঐতিহ্য হিসেবে সংরক্ষণ ও উন্নয়নে বিশেষ কর্মসূচি গ্রহণ করতে হবে। এই মরিচের ব্র্যান্ডিং করে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধনের ব্যবস্থা এবং বাজার তৈরির উদ্যোগ নিতে হবে।

কৃষক সমবায় বা ‘হালদা মরিচ উৎপাদক গ্রুপ’ গঠন করে উৎপাদন, বীজ সংরক্ষণ ও বাজারজাতকরণে সরকারি সহায়তা দিতে হবে।

এ ছাড়া হালদা মরিচ প্রক্রিয়াজাত করে বাজারজাত করার জন্য উদ্যোক্তা তৈরি করতে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিতে হবে।

পৌর সদরের মোহাম্মদপুর এলাকা থেকে মরিচ বিক্রি করতে আসা আলমগীর জানান, হাটহাজারীর মরিচ প্রতি কেজি ৫০০ থেকে সাড়ে ৫০০ টাকায় বিক্রি হয়। উপজেলার অন্যান্য বড় বাজারের তুলনায় হাটহাজারী বাজারে এই মরিচ তুলনামূলক কম দামে পাওয়া যায়। এই মরিচ কিনতে হাটহাজারীসহ বিভিন্ন এলাকার ক্রেতারা বাজারের ‘মরিচ হাটার গলি’তে ভিড় করেন। তবে দেশের বিভিন্ন কোম্পানি হাটহাজারীর মরিচের নামে যে মরিচ বাজারজাত করছে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। আলমগীর বলেন, এসব কোম্পানি কখনোই তাদের কাছ থেকে মরিচ কেনে না। তাহলে এসব কোম্পানির মরিচ কীভাবে হাটহাজারীর মরিচ হিসেবে বিক্রি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

হাটহাজারীর মিষ্টি মরিচ কিনতে আসা মেখল ইউনিয়নের ইছাপুর এলাকার বাসিন্দা ও মধ্যপ্রাচ্যপ্রবাসীর স্ত্রী মিনুওয়ারা বেগম জানান, হাটহাজারীর মিষ্টি মরিচ দিয়ে রান্না করা তরকারি অত্যন্ত সুস্বাদু হয়। অন্যান্য জেলার মরিচের তুলনায় হাটহাজারীর মরিচের দাম অন্তত ২০০ টাকা বেশি। তারা শুধু নিজেদের তরকারি রান্নার জন্যই এই মরিচ ব্যবহার করেন না, দেশের বাইরে থাকা প্রিয়জনদের কাছেও ক্রসিং মিলের মাধ্যমে গুঁড়ো করে পাঠিয়ে থাকেন।

হাটহাজারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মেজবাহ উদ্দিন জানান, ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশে হাটহাজারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হালদা মরিচের আবাদ বাড়ানোর কাজ শুরু করেছে। ইতোমধ্যে ২২ বিঘা জমিতে এ কার্যক্রম শুরু হয়েছে। নিবিড় পরিচর্যা ও পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে অদূর ভবিষ্যতে হালদা মরিচকে হাটহাজারী উপজেলার জিআই পণ্য হিসেবে ঘোষণা করা যায়। পাশাপাশি এই মরিচের চাষাবাদে অন্য কৃষকদেরও উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এস এম/ ২৩ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language