প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম ছিল না, ভারতের গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করেছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা,২২ নভেম্বর-লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্য ভারতের কয়েকটি গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করেছে। ওই বক্তব্যে প্রধানমন্ত্রী কোনো দেশের নাম উল্লেখ করেননি।
রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে কোনো দেশের নাম বলেননি। তাই ভারতের কয়েকটি গণমাধ্যম বক্তব্যটি ভুলভাবে উপস্থাপন করেছে।
তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা বিভিন্ন মহাদেশে বেপরোয়া তাণ্ডব চালাচ্ছে। নিরীহ মানুষের ওপর তাদের ভয়াবহ সহিংসতার ঘটনা পুরো বিশ্ব দেখেছে।
মুখপাত্র অভিযোগ করেন, এই সহিংসতার কারণে বেশ কয়েকটি দেশে নিরাপত্তা সংকট তৈরি হচ্ছে। পাশাপাশি বিদেশে বাংলাদেশের অবস্থান ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রবাসী বাংলাদেশিদের সুনাম নষ্ট হচ্ছে।
এই সহিংসতা ছড়িয়ে পড়া ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে এক জনসভায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবারও অগ্নিসংযোগ ও সহিংসতার রাজনীতি শুরু করেছে। এর বিরুদ্ধে ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ১৬ বছর জোরপূর্বক দেশ শাসনের পর সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়া একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আবারও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশ ছেড়ে পালিয়েও তারা অগ্নিসংযোগ ও মানুষ হত্যার রাজনীতিতে ফিরে গেছে। গত কয়েক দিনে তাদের কর্মকাণ্ডের প্রমাণ দেশবাসী দেখেছে বলেও মন্তব্য করেন তিনি।
এস এম/ ২২ নভেম্বর ২০২৬







