২০২৭ সালের শুরুতে বাংলাদেশ সফরে আসতে পারেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

ঢাকা,১৮ নভেম্বর-প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে ২০২৭ সালের শুরুতে বাংলাদেশ সফরে আসতে পারেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে।
বুধবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রেসিডেনশিয়াল সেক্রেটারিয়েটে দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে লেখা একটি আমন্ত্রণপত্র শ্রীলঙ্কার প্রেসিডেন্টের হাতে তুলে দেন তিনি।
আমন্ত্রণ গ্রহণ করে ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।
সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বাংলাদেশ ও শ্রীলঙ্কার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। দুই দেশের সম্পর্ক জোরদারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, দুই দেশের সম্পর্ক আরও গভীর করা এবং অতীতে যে সহযোগিতার ধারা ছিল, তা অব্যাহত রাখতে আগ্রহী প্রধানমন্ত্রী তারেক রহমান।
সাক্ষাতে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ‘ক্লিন শ্রীলঙ্কা’ এবং দারিদ্র্য বিমোচনে ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেওয়া ২০ হাজার কিলোমিটার খাল খনন, ২৫ কোটি গাছ রোপণ এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রার কথা তুলে ধরেন। পাশাপাশি সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ উদ্যোগ সম্পর্কেও শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় তাকে সাক্ষাতের সুযোগ দেওয়ায় শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান তিনি।
এস এম/ ১৮ নভেম্বর ২০২৬







