গোপালগঞ্জে সহিংসতা ও হামলায় জড়িতদের গ্রেফতারের ঘোষণা প্রধানমন্ত্রীর উপদেষ্টার

ঢাকা,১৭ নভেম্বর-গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, যাদের ছবি ও ভিডিও ফুটেজে অস্ত্র হাতে দেখা গেছে, তাদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।
মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, গোপালগঞ্জের ঘটনা নিয়ে সংসদে আলোচনা হয়েছে। এ বিষয়ে তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীও কথা বলেছেন। সরকার বাংলাদেশে কোনো ধরনের নাশকতা সহ্য করবে না। বর্তমানে আওয়ামী লীগের নামে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ। এ অবস্থায় মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন বেআইনি। সেখানে নৃশংসতা ও সহিংসতা, বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা সরকার কোনোভাবেই মেনে নেবে না।
তিনি আরও বলেন, যাদের ছবি দেখা গেছে, আপনারা নিজেরাও তা দেখেছেন। গতকাল থেকে সেখানে যৌথবাহিনী মোতায়েন রয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হবে এবং অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, পুলিশ বলপ্রয়োগ করতে পারে এবং এ অধিকার তাদের রয়েছে। তবে পরিস্থিতির তুলনায় বলপ্রয়োগের মাত্রা যেন বেশি না হয়, সেটি গুরুত্বপূর্ণ। অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনা হয়েছে। সরকার এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না।
জাহেদ উর রহমান বলেন, যতটুকু প্রয়োজন, তার বেশি বলপ্রয়োগ করা যাবে না। পুলিশ যেন পরিস্থিতি অনুযায়ী আনুপাতিক হারে বলপ্রয়োগ করে দায়িত্ব পালন করে, সরকার সেটিই চায়।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘নন-পলাতক আওয়ামী লীগ’ প্রসঙ্গে তিনি বলেন, পলাতক আওয়ামী লীগ নেতাদের উসকানিতে দেশে অবস্থানরত যেসব ব্যক্তি এসব কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তারা নিজেদের বিপদ ডেকে আনছেন। কারণ, এসব কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ। এ ধরনের অপরাধের দায় সংশ্লিষ্ট ব্যক্তিদেরই বহন করতে হবে।
এস এম/ ১৭ নভেম্বর ২০২৬







