রাষ্ট্রদ্রোহ মামলায় পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

চট্রগ্রাম,১৫ নভেম্বর-পুলিশের চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে এই রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
রবিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এ আদেশ দেন। জাহাঙ্গীর আলম নরসিংদী জেলার শিবপুর থানার চাঁদাপাশা গ্রামের মো. জিন্নাত আলীর ছেলে। তিনি নগরের পাঁচলাইশ থানার চট্টগ্রাম পুলিশ অফিসার্স মেসে থাকতেন।
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলমের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আগামী সাত দিনের মধ্যে রিমান্ডের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।
জানা গেছে, গত ১৪ নভেম্বর রাতে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে ‘ডিসেম্বরে জীবন-মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’—এমন বার্তা পাঠানোর অভিযোগে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করেন আরআরএফ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল কাসেম চৌধুরী।
মামলার এজাহারে বলা হয়, গত ৮ নভেম্বর রাতে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে এক ব্যক্তিকে দুটি বার্তা পাঠান জাহাঙ্গীর আলম। এর একটি বার্তায় ইংরেজিতে বাংলাদেশকে ডিসেম্বরে ‘আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার’ কথা বলা হয়। অন্য বার্তায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার প্রত্যয় জানিয়ে ডিসেম্বর মাসে জীবন-মরণ বাজি রেখে মাঠে নামার কথা উল্লেখ করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, জাহাঙ্গীর আলমের কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটি সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত দায়।
তিনি আরও বলেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করার আগে সরকারের পূর্বানুমতি নেওয়া হয়েছে। অনুমোদন পাওয়ার পর পাঁচলাইশ থানায় মামলাটি করা হয়। এরপরই এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) হেফাজতে আছেন। মামলাটির তদন্তও এই ইউনিট করবে। নিয়ম অনুযায়ী তাকে আদালতে হাজির করা হবে।
এস এম/ ১৫ নভেম্বর ২০২৬







