চার দিনের যুদ্ধের পর প্রথমবার ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

ইসলামাবাদ,১৪ নভেম্বর-বিরল এক সফরে চিরবৈরী প্রতিবেশী ভারতে যাচ্ছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মাসুদ মালিক। শনিবার ইসলামাবাদ জানিয়েছে, আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে আগামী সপ্তাহে ভারতের রাজধানী নয়াদিল্লি সফর করবেন তিনি। গত বছর দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে চার দিনের যুদ্ধের পর এই প্রথম পাকিস্তানের কোনো মন্ত্রী ভারত সফরে যাচ্ছেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মাসুদ মালিক আগামী ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সভ্যতাবিষয়ক সংলাপে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন।
এর আগে ২০২৩ সালের মে মাসে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতের গোয়ায় এসসিওর বৈঠকে যোগ দিয়েছিলেন। এরপর এবার মাসুদ মালিক পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে প্রথম ভারত সফর করছেন।
পারমাণবিক অস্ত্রধারী ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র অবিশ্বাস রয়েছে। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মির অঞ্চলকে কেন্দ্র করে একাধিকবার যুদ্ধে জড়িয়েছে প্রতিবেশী এই দুই দেশ। কাশ্মিরকে উভয় দেশই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে।
কাশ্মিরে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় হিন্দু ধর্মাবলম্বীসহ দুই ডজনের বেশি পর্যটক নিহত হওয়ার পর গত বছরের মে মাসে চার দিনের যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান।
নয়াদিল্লি এই হামলার পেছনে ইসলামাবাদের হাত রয়েছে বলে অভিযোগ করে। তবে পাকিস্তান দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করেছে।
হামলার পর উভয় দেশ পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ নেয়। পরে উত্তেজনা চরম আকার ধারণ করে এবং শেষ পর্যন্ত তা ব্যাপক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামানের গোলার লড়াইয়ে রূপ নেয়। এতে ৭০ জনের বেশি মানুষ নিহত হন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পারস্পরিক শ্রদ্ধার মনোভাব নিয়ে এসসিওর কাঠামোর মধ্যে বিভিন্ন সভ্যতার সংলাপ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর প্রতিশ্রুতিতে অটল রয়েছে পাকিস্তান সরকার।
এস এম/ ১৪ নভেম্বর ২০২৬







