জাতীয়

সৌরবিদ্যুৎ ব্যবহার করে ১৪টি মেইল প্রসেসিং সেন্টারে প্রায় ১৩ লাখ টাকা সাশ্রয় ডাক বিভাগের

ডাক বিভাগ

ঢাকা,১৪ নভেম্বর-সৌরবিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুৎ বিল বাবদ প্রায় ১৩ লাখ টাকা সাশ্রয় করেছে ডাক বিভাগের ১৪টি মেইল প্রসেসিং সেন্টার (এমপিসি)।

সৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকলে কেন্দ্রগুলোর বিদ্যুৎ বিল আসত প্রায় ২০ লাখ ৮৬ হাজার টাকা। কিন্তু নিজেদের বিদ্যুতের চাহিদা মেটানোর পর বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করায় নেট মিটারিংয়ের মাধ্যমে বিল কমে দাঁড়িয়েছে ৭ লাখ ৯৪ হাজার টাকায়। এতে সম্ভাব্য ব্যয়ের প্রায় ৬২ শতাংশ সাশ্রয় হয়েছে।

ডাক অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত এই অর্থ সাশ্রয় হয়েছে। সরকার যখন সব সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে, তখন ডাক বিভাগের এই ১৪টি কেন্দ্রের অভিজ্ঞতা সরকারি স্থাপনায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের একটি বাস্তব উদাহরণ হয়ে উঠেছে।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার শুধু বিদ্যুৎ সাশ্রয়ের বিষয় নয়, বরং টেকসই ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি আরও বলেন, ‘নেট মিটারিংয়ের মাধ্যমে বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করে সরকারি স্থাপনাগুলোকে আরও জ্বালানিসাশ্রয়ী ব্যবস্থার অংশ হিসেবে গড়ে তোলা সম্ভব।’

কাজী আসাদুল ইসলাম বলেন, তাঁদের ১৪টি কেন্দ্রের অভিজ্ঞতা প্রমাণ করেছে, সরকারি স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবহার শুধু পরিবেশের জন্যই নয়, সরকারি অর্থ সাশ্রয়ের ক্ষেত্রেও কার্যকর।

মহাপরিচালক আরও বলেন, একটি সরকারি প্রতিষ্ঠান নিজের বিদ্যুৎ নিজেই উৎপাদন করছে এবং উৎপাদনের পর বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে। অন্য সরকারি দপ্তরগুলোর জন্যও এটি অনুসরণযোগ্য একটি উদ্যোগ হতে পারে।

ডাক অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে ১৪টি এমপিসির সৌর প্যানেল থেকে মোট ৮৬ হাজার ১৪১ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এর মধ্যে ৩৭ হাজার ৪১৭ ইউনিট কেন্দ্রগুলোর নিজস্ব চাহিদা মেটাতে সরাসরি ব্যবহার করা হয়েছে।

অধিদপ্তর আরও জানিয়েছে, বাকি ৪৮ হাজার ৭২৪ ইউনিট নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। অর্থাৎ উৎপাদিত সৌরবিদ্যুতের প্রায় ৪৩ শতাংশ কেন্দ্রগুলো নিজেরা ব্যবহার করেছে এবং বাকি প্রায় ৫৭ শতাংশ জাতীয় গ্রিডে যুক্ত করেছে।

সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু থাকা কেন্দ্রগুলো হলো—তেজগাঁও, চট্টগ্রাম, নোয়াখালী, হবিগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী, ঈশ্বরদী, রংপুর, দিনাজপুর, বরিশাল, যশোর, খুলনা, কুষ্টিয়া ও গোপালগঞ্জ এমপিসি।

মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্পের আওতায় ৭৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে এসব কেন্দ্রের ভবন নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ৩৫ ধরনের আধুনিক আসবাব ও প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করে কেন্দ্রগুলো পুরোপুরি চালু করা হয়েছে। এই অবকাঠামো উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো নেট মিটারিং সুবিধাসহ সৌর প্যানেল স্থাপন।

ডাক অধিদপ্তর আরও জানিয়েছে, জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভরতা কমানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং দীর্ঘমেয়াদে বিদ্যুৎ বিল সাশ্রয়ের লক্ষ্যেই কেন্দ্রগুলোতে এই ব্যবস্থা স্থাপন করা হয়েছে। কেন্দ্রগুলোর সক্ষমতা আরও বাড়াতে ‘মেইল প্রসেসিং অ্যান্ড লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্পের টেকসই সহায়তা’ নামে একটি নতুন উন্নয়ন প্রকল্পও নেওয়া হয়েছে।

অধিদপ্তরের হিসাব অনুযায়ী, সৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকলে ১৪টি কেন্দ্রকে জাতীয় গ্রিড থেকে মোট ১ লাখ ৩৯ হাজার ৯৭ ইউনিট বিদ্যুৎ নিতে হতো। প্রতি ইউনিট ১৫ টাকা হিসাবে এর বিল দাঁড়াত ২০ লাখ ৮৬ হাজার ৪৫৫ টাকা। কিন্তু সৌরবিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের পর নেট মিটারিংয়ের মাধ্যমে হিসাব সমন্বয় করে কেন্দ্রগুলোর প্রকৃত বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ দাঁড়িয়েছে ৫২ হাজার ৯৫৬ ইউনিট। এর বিপরীতে বিল এসেছে ৭ লাখ ৯৪ হাজার ৩৪০ টাকা। ফলে বিদ্যুৎ বিল বাবদ সাশ্রয় হয়েছে ১২ লাখ ৯২ হাজার ১১৫ টাকা, যা সৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকলে সম্ভাব্য ব্যয়ের ৬১ দশমিক ৯৩ শতাংশ।

একই হিসাব অনুযায়ী, সৌরবিদ্যুতের নিজস্ব ব্যবহার থেকে প্রায় ৫ লাখ ৬১ হাজার টাকা এবং জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ থেকে প্রায় ৭ লাখ ৩১ হাজার টাকা বিলের সঙ্গে সমন্বয় হয়েছে। এ হিসাবে প্রতিটি কেন্দ্রে গড়ে প্রায় ৯২ হাজার টাকা সাশ্রয় হয়েছে।

পরিবেশের দিক থেকেও এই উদ্যোগের সুফল রয়েছে। দেশের জাতীয় গ্রিডের বিদ্যুতের বেশিরভাগই জীবাশ্ম জ্বালানি থেকে উৎপাদিত হয়। আন্তর্জাতিক তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম লো কার্বন পাওয়ারের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত দেশে গ্রিডের প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গড়ে প্রায় ৫৮২ গ্রাম কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হয়েছে। এই হার ধরে হিসাব করলে ১৪টি এমপিসির উৎপাদিত সৌরবিদ্যুতের কারণে আনুমানিক ৫০ টন কার্বন নিঃসরণ কমেছে।

তবে সৌরবিদ্যুৎ উৎপাদন আবহাওয়ার ওপর নির্ভরশীল হওয়ায় বৃষ্টির দিন ও ঘন কুয়াশার সময় বিদ্যুৎ উৎপাদন কমে যায়। তখন কেন্দ্রগুলোর কার্যক্রম সচল রাখতে জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভর করতে হয়। ডাক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ে কেন্দ্রগুলো গ্রিড থেকে মোট ১ লাখ ১ হাজার ৬৮০ ইউনিট বিদ্যুৎ নিয়েছে।

ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদ বলেন, সৌরবিদ্যুৎ আবহাওয়ার ওপর নির্ভরশীল। তাই বৃষ্টি ও কুয়াশার দিনে তাঁদের জাতীয় গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করতে হয়। তারপরও উৎপাদিত বিদ্যুতের বড় অংশ গ্রিডে সরবরাহ করতে পারায় কেন্দ্রগুলোর বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যভাবে কমেছে।

তিনি আরও বলেন, নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা গেলে দীর্ঘমেয়াদে এই সাশ্রয়ের পরিমাণ আরও বাড়বে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুলাই থেকে কেন্দ্রগুলোতে সৌরবিদ্যুৎ কার্যক্রম শুরুর পরিকল্পনা ছিল। তবে প্রযুক্তিটি দেশে নতুন হওয়ায় প্যানেল স্থাপনের পর সেগুলো চালু করার ক্ষেত্রে সরকারি বিভিন্ন সংস্থার ছাড়পত্র নিতে হয়েছে। স্থাপনের আগে এসব ছাড়পত্র নেওয়া সম্ভব হয়নি।

একই সঙ্গে নেট মিটারিং পদ্ধতি বিদ্যুৎ বিভাগের জন্যও নতুন হওয়ায় বিদ্যুতের হিসাব রাখা এবং জাতীয় গ্রিডের সঙ্গে আর্থিক সমন্বয়ের প্রক্রিয়া ঠিক করতে সময় লেগেছে। এসব কারণে ২০২৩ সাল থেকে কেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ কার্যক্রম শুরু হয়।

মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, নতুন প্রযুক্তি হওয়ায় শুরুতে ছাড়পত্র ও আর্থিক সমন্বয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে তাঁদের কিছুটা সময় লেগেছে। এখন সেই প্রক্রিয়া চালুর পথ তৈরি হয়েছে। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে ডাক বিভাগের অন্যান্য স্থাপনাতেও আরও দ্রুত ও পরিকল্পিতভাবে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা সম্ভব হবে।

দেশে জ্বালানি সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার সম্প্রতি বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

গত ৩ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দেন। এর আওতায় বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়। পরে ১০ আগস্টের সিদ্ধান্তের ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদ বিভাগ গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়গুলোতে দাপ্তরিক কাজে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেয়।

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত দেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের স্থাপিত সক্ষমতা ছিল ৪১৮ দশমিক ১ মেগাওয়াট। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতেও এই উদ্যোগ এগিয়ে চলছে। সম্প্রতি খুলনায় বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডে এক মেগাওয়াট ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন বিজ্ঞান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

এ সময় তিনি সরকারি প্রতিষ্ঠানগুলোকে অব্যবহৃত ছাদ ও অন্যান্য উপযোগী জায়গা সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহারের আহ্বান জানান।

এস এম/ ১৪ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language