জাতীয়

নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের নির্দেশ এনসিপির

এনসিপি

ঢাকা,১২ নভেম্বর-জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পরিষদের সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় দলের সব জেলা, মহানগর, থানা ও উপজেলা ইউনিটকে নিজ নিজ সাংগঠনিক এলাকায় অবিলম্বে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, গত ১১ নভেম্বর রাতে নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলের সব ইউনিটকে এ নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নুসরাতের অভিযোগ, বুধবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তাঁর পরিবারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেন দুর্বৃত্তরা। এতে টিনশেড বাড়িটির পাঁচটি কক্ষ পুড়ে যায়। আহত হন তাঁর বাবা-মাসহ পরিবারের কয়েকজন সদস্য।

ঢাকা থেকে ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর নুসরাত জানান, পেছন দিক থেকে এক ব্যক্তি চার দফায় বাড়িটিতে আগুন দেওয়ার চেষ্টা করেন।

এস এম/ ১২ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language