জাতীয়

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমার আলামত মেলেনি, বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের ধারণা স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা,১২ নভেম্বর-জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শক সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এদিন সংসদে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার বিষয়টি তুলে ধরেন বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি জানতে চান, ঘটনার পরপরই কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাবি করেছেন, সেখানে পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি।

অথচ ঘটনাস্থলে কোনো ফরেনসিক দল যায়নি। একজন সংসদ সদস্যের বাড়িতে পেট্রোল বোমা মেরে আগুন দেওয়ার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই বলা যাবে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। এ ছাড়া দুটি ছাগল পুড়ে মারা গেছে।

তিনি বলেন, এ ঘটনায় পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

মন্ত্রী আরও বলেন, সংসদ সদস্য নুসরাতের বাড়িতে আগুন লেগেছে, নাকি আগুন লাগানো হয়েছে, তা খতিয়ে দেখতে বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত করছে।

এস এম/ ১২ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language