১ ডিসেম্বর থেকে শুরু এইচএসসি ও সমমানের অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা, শেষ ১৫ ডিসেম্বর

ঢাকা,১২ নভেম্বর-এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়।
প্রকাশিত সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে এবারের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে। পরদিন ২ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। এরপর ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা।
অন্যান্য বিষয়ের পরীক্ষাও নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে। একই তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিদিন দুই পালায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালের পালায় সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকালের পালায় দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা চলবে।
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বহন সম্পূর্ণ নিষিদ্ধ। তবে পরীক্ষায় অনুমোদিত সাধারণ বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকবে।
এস এম/ ১২ নভেম্বর ২০২৬







