২০২৭ সালে তিন বিদেশি প্রতিষ্ঠান থেকে এলএনজি কিনতে যাচ্ছে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুর

ঢাকা,১২ নভেম্বর-সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ২০২৭ সালে তিনটি আন্তর্জাতিক কোম্পানি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে।
একই সঙ্গে আসন্ন রমজানে বিতরণের জন্য ৬ হাজার ২০০ মেট্রিক টন খেজুর আমদানি এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের প্রস্তাবেও সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চলতি বছরের ৩৭তম সভায় এসব সুপারিশ করা হয়।
সভায় মোট পাঁচটি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে তিনটি এবং বাণিজ্য মন্ত্রণালয় ও ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে একটি করে প্রস্তাব আসে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, জাপানের জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেড (জেরাগম), সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি ট্রেডিং লিমিটেড এবং নাইজেরিয়ার ওজিমাডু অ্যান্ড মারিটেস অয়েল মার্কেটিং নাইজেরিয়া লিমিটেড/উজি জেমস বিহাইভের কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাবে নীতিগত সুপারিশ করেছে কমিটি।
সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব এলএনজি কেনার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া জেরাগমের সঙ্গে পেট্রোবাংলার স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি (এসপিএ) এবং টার্ম শিটের চূড়ান্ত খসড়ায় স্বাক্ষরের প্রস্তাবও রয়েছে।
অন্যদিকে, আসন্ন রমজানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভোক্তাদের মধ্যে বিতরণের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ হাজার ২০০ মেট্রিক টন খেজুর আমদানির প্রস্তাবে নীতিগত সুপারিশ করেছে কমিটি। জরুরি জাতীয় প্রয়োজন বিবেচনায় সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ১০২(১)(ক) বিধি অনুযায়ী দরপত্র তৈরি ও জমা দেওয়ার নির্ধারিত সময় কমানোর প্রস্তাবেও অনুমোদনের সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের প্রস্তাবেও নীতিগত সুপারিশ করেছে কমিটি। ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
এস এম/ ১২ নভেম্বর ২০২৬







