জাতীয়

২০২৭ সালের হজের খরচ সৌদির ব্যাংক হিসাবে পাঠানোর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশ ব্যাংক

ঢাকা,১১ নভেম্বর-২০২৭ সালের হজে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় অংশ নেওয়া হজযাত্রীদের সৌদি আরবের খরচের অর্থ পাঠানোর পদ্ধতি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এই অর্থ অনুমোদিত ব্যাংকের মাধ্যমে সরাসরি সৌদি আরবের সংশ্লিষ্ট আন্তর্জাতিক ব্যাংক হিসাব নম্বরে (আইবিএএন) পাঠাতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর প্রধান কার্যালয়ে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হজযাত্রীদের আবাসন, মিনা-আরাফায় তাঁবু বুকিং এবং সৌদি সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তির খরচ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের অর্থ সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় ও রমনা করপোরেট শাখায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিসাবের মাধ্যমে পাঠানো হবে।

অন্যদিকে, বেসরকারি হজ এজেন্সিগুলো উন্নত প্যাকেজের হোটেল ভাড়া, মাশায়ের ও পরিবহনসংক্রান্ত চুক্তির অর্থ সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে সরাসরি সৌদি আরবে পাঠাবে। এসব লেনদেনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইবিএএন হিসাব ব্যবহার করতে হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আগামী বছরের হজে বাংলাদেশের জন্য সৌদি আরবের নির্ধারিত কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৫০০ জনের হজ পালনের সুযোগ ছিল। নিবন্ধনের চাহিদা বিবেচনা করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরও ২০ হাজার হজযাত্রীর কোটা বাড়ানোর আবেদন করা হয়েছিল। এর মধ্যে সৌদি আরব বাংলাদেশের হজ কোটা ৫ হাজার বাড়িয়েছে। নতুন করে এই ৫ হাজার কোটা বরাদ্দ পাওয়ায় আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।

প্রকাশিত হজ প্যাকেজ অনুযায়ী, সৌদি পর্বের খরচ জনপ্রতি সর্বোচ্চ ৪ লাখ ৭০ হাজার ৯০ টাকা এবং সর্বনিম্ন ৩ লাখ ৬২ হাজার ৯১১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এস এম/ ১১ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language