শেখ হাসিনার বক্তব্য বাস্তব নাকি এআই, তা নিয়ে প্রশ্ন নুরের

ঢাকা,১০ নভেম্বর- পলাতক শেখ হাসিনা বিভিন্ন সময়ে কথা বলছেন। এসব বক্তব্য কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি, নাকি বাস্তব, তা আমরা জানি না। তিনি বেঁচে আছেন, নাকি মারা গেছেন, সেটিও জানা নেই বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিসেম্বরে আওয়ামী লীগ ফিরবে—এমন বক্তব্যকে হাস্যকর ও বিভ্রান্তিকর উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শক্তিকে ব্যবহার করে বিদেশি অপশক্তি দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করলে, রাজপথে সক্রিয় হয়ে আওয়াজ তুললে তাদের এই আস্ফালন বন্ধ হয়ে যাবে।
এ সময় তিনি জানান, যারা বাসে আগুন দিচ্ছে ও ভাঙচুর করছে, তাদের ধরিয়ে দিতে পারলে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।
সরকারের অহেতুক বিরোধিতা না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদে বিরোধী দল যেভাবে ইতিবাচক ভূমিকা রাখছে, রাজপথেও তারা একই ধরনের ভূমিকা পালন করবে বলে আশা করেন।
তিনি আরও বলেন, তারা শুনতে পাচ্ছেন, গোপনে স্থানীয় নির্বাচনে জামায়াত ও এনসিপি আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেবে না। এমনটা সত্য হলে তা হবে খাল কেটে কুমির আনার মতো।
এস এম/ ১০ নভেম্বর ২০২৬







