গুলশানে অনুষ্ঠানে হেনস্তা ও গাড়িতে হামলার শিকার পরীমনি, ভিডিও বার্তায় ক্ষোভ ও প্রশ্ন

ঢাকা, ০৯ নভেম্বর – রাজধানী গুলশানের একটি অনুষ্ঠানে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও হেনস্তার মুখে পড়ার অভিযোগ করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। শুধু তাই নয়, মধ্যরাতে তাঁর গাড়িতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
ভিডিওতে তাঁকে জোর করে ক্ষমা চাওয়ানোর চেষ্টা, অপদস্থ করা, কাজে বাধা দেওয়া এবং বয়কটের নামে মব জাস্টিস বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ করতে দেখা গেছে।
জোর করে ক্ষমা চাওয়ানোর চেষ্টা ও হুমকির অভিযোগ
ভিডিও বার্তার শুরুতেই নিজের ভুলের বিষয়ে কথা বললেও জোর করে ক্ষমা চাওয়ানোর পদ্ধতির তীব্র সমালোচনা করেন পরীমনি। তিনি বলেন, “আমি গালি দিয়েছি, সেটা ভুল হয়েছে। আচ্ছা, এ জন্য যদি আমি সরি বলি, তাহলে কি আমাকে এমন কথাও বলতে হবে যে—’তুমি একজন মেয়ে মানুষ। তোমাকে যেখানে খুশি ধরুক, যা ইচ্ছা তাই করুক, তুমি জীবনেও এ নিয়ে কথা বলতে পারবে না’? কিন্তু আপনারা আসলে কী করছেন? গলা চেপে ধরে বলবেন, ‘তোকে মেরে ফেলব, যতক্ষণ না পর্যন্ত তুই সরি বলবি’?”
তিনি প্রশ্ন তোলেন, তাঁকে প্রকাশ্যে অপদস্থ ও গালিগালাজ করার জন্য ওই ব্যক্তিরা বা ক্ষুব্ধ পক্ষ কি কোনো ক্ষমা চাইবেন?
বয়কট ব্যর্থ হয়ে ভাঙচুর ও মব তৈরির অভিযোগ
পরীমনি অভিযোগ করেন, তাঁকে পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত করতে নানা অপচেষ্টা চালানো হচ্ছে। ব্র্যান্ড ও প্রযোজকদের হুমকি দেওয়া হচ্ছে যাতে তাঁকে কোনো কাজে নেওয়া না হয়। তবে বয়কটের প্রচারণা ব্যর্থ হওয়ার পরই মূলত সরাসরি হামলা ও ভাঙচুরের পথ বেছে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
অভিনেত্রী বলেন, “বয়কট শব্দটা ব্যবহার করে যে আপনারা কিছু করতে পারছেন না, যখন সেটা বুঝতে পারলেন, তখন কী করলেন? রীতিমতো সশরীরে গিয়ে ভাঙচুর শুরু করলেন। অর্থাৎ, পরীমনি যেখানে যাবেন, আপনারা সেখানেই গিয়ে অরাজকতা শুরু করবেন। এটাই আপনাদের পরিকল্পনা।”
‘সাংবাদিকতা’র আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ডের সমালোচনা
ভিডিওর শেষাংশে ঘটনার সঙ্গে জড়িতদের একটি অংশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন পরীমনি। সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে এ ধরনের অপতৎপরতা চালানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন:
“সাংবাদিক পরিচয়ের একটা ট্যাগ লাগিয়ে, তারপর যা ইচ্ছা তাই শুরু করছেন। আপনারা রীতিমতো সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন। এটা তো আসলে সাংবাদিকতার কাজ নয়। নিজেদের কেন সাংবাদিক বলে পরিচয় দিচ্ছেন? আপনারা কি বোঝেন, সাংবাদিকতা কী? হাতে একটা ফোন নিলাম, একটা পেজ খুললাম, একটা রেজিস্ট্রেশন করলাম আর সাংবাদিক হয়ে গেলাম? এসব করে আপনারা আমাকে সরি বলাবেন? সরি ধুয়ে পানি খান।”
গুলশানের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ও গাড়িতে হামলার পর চলচ্চিত্র অঙ্গন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। এ বিষয়ে আইনপ্রয়োগকারী সংস্থা বা সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেটাই দেখার বিষয়।
এনএন/ ০৯ নভেম্বর ২০২৬







