ফরিদপুর

মধুখালীতে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ৪০, চালককে পা কেটে উদ্ধার

বাস-ট্রাকের সংঘর্ষে

ফরিদপুর,০৯ নভেম্বর-ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। সোমবার ভোর ৬টার দিকে মধুখালী সদরের মরিচবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় ট্রাকের ভেতরে আটকে পড়া চালককে একটি পা কেটে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরা থেকে আসা রডবোঝাই একটি ট্রাক মহাসড়কের মধুখালী বাজারে একটি দোকানের সামনে রড নামানোর জন্য ঘোরানোর চেষ্টা করছিল। এ সময় কালীগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস ট্রাকটির মাঝামাঝি অংশে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী, চালক ও সহকারীসহ ৪০ জন আহত হন। দুর্ঘটনার পর ট্রাকের চালক ভেতরে আটকে পড়লে ফায়ার সার্ভিসের সদস্যরা তার একটি পা কেটে তাকে বের করে আনেন। পরে ওই চালকসহ অন্য আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গন্তব্যে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এস এম/ ০৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language