জাতীয়

রমজানের আগে ১১ পণ্য আমদানিতে এলসি খোলার নগদ মার্জিন শিথিল করল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক

ঢাকা,০৮ নভেম্বর-আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির ঋণপত্র (এলসি) খোলার নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত ১১টি পণ্য আমদানির ক্ষেত্রে এলসি খোলার সময় নগদ মার্জিনের হার ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক সম্পর্ক বিবেচনা করে নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো।

রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। এ সময় বাজারে এসব পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে আমদানি প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম অয়েল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর আমদানির ক্ষেত্রে এলসি খোলার নগদ মার্জিন ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ করা যাবে। পাশাপাশি দেশের বাজারে এসব পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে আমদানিকারকদের এলসি খোলার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। অবিলম্বে কার্যকর হওয়া এ নির্দেশনা আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত বলবৎ থাকবে।

এস এম/ ০৮ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language