শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের ভার্চ্যুয়াল যোগাযোগের অভিযোগ নুরের, ব্যবস্থা নেওয়ার দাবি

পটুয়াখালী,০৮ নভেম্বর-পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসীকল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, উদারতার সুযোগ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনলাইনে যোগাযোগ করছেন। নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।
রবিবার পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনগুলো এ সভার আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের শেখ হাসিনার সঙ্গে অনলাইনে যোগাযোগের বিষয়টি সামনে এসেছে। বিভিন্ন জায়গায় কারা বক্তব্য দিয়েছেন, তাদের তালিকা ও অডিও প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, শেখ হাসিনা একজন দণ্ডিত ব্যক্তি এবং আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। প্রচলিত আইন অনুযায়ী, নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া উচিত। একই সঙ্গে রাজনৈতিকভাবেও বিষয়টি মোকাবিলা করতে হবে।
উদারতার সুযোগ নিয়ে কেউ যেন পরিস্থিতির অপব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘অতীতে আমাদের ওপর যে ধরনের নির্যাতন করা হয়েছে, আমরাও তাদের সঙ্গে একই আচরণ করি… আমরা এটা চাইনি। তবে যারা অতিরিক্ত অন্যায় করেছে, তাদের পাপের প্রায়শ্চিত্ত তাদের নিজেদেরই করতে হবে। প্রকৃতিরও একটি বিচার রয়েছে, যাকে বলা হয় ন্যাচারাল পানিশমেন্ট।’
স্থানীয় নির্বাচন ও রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় নির্বাচনসহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে বিতর্কিত ব্যক্তিদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে ঢাকায় লোক পাঠানো কিংবা বাস ভাড়া করার মতো কর্মকাণ্ডে জড়িতদের ওপর নজর রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং সংশ্লিষ্ট কর্মকাণ্ড পর্যবেক্ষণ করার আহ্বান জানান।
গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাব হোসেন খান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সোহরাব মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন খান, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইখতিয়ার রহমান কবির, পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এস এম/ ০৮ নভেম্বর ২০২৬







