অস্ত্র উৎপাদন বন্ধ হবে না, ২৬০টির বেশি শত্রুপক্ষের আকাশযানে হামলার দাবি ইরানের

তেহরান,০৭ নভেম্বর- ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেছেন, শত্রুপক্ষকে কোনোভাবেই ইরানের অস্ত্র উৎপাদন ও আধুনিকায়নের কাজ এক মুহূর্তের জন্যও বন্ধ করতে দেওয়া হবে না।
তিনি আরও জানান, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স শত্রুপক্ষের ২৬০টির বেশি আকাশযান ও উড়ন্ত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
শনিবার আইআরজিসির অ্যারোস্পেস সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মোহেব্বি জানান, এই বাহিনীর অন্যতম বড় কৌশলগত সাফল্য হলো মহাকাশ ও বিমান প্রযুক্তিতে নিজস্ব জ্ঞান ও দক্ষতা অর্জন এবং আন্তর্জাতিক প্রযুক্তির দেশীয়করণ। এর ফলে ইরান এখন আর শুধু সামরিক অস্ত্র আমদানিকারক দেশ নয়, বরং বিমান ও মহাকাশ প্রযুক্তি রপ্তানিকারক দেশেও পরিণত হয়েছে।
তিনি বলেন, বর্তমানে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি বিভিন্ন দেশে সামরিক সরঞ্জাম রপ্তানি করছে ইরান। এসব সরঞ্জামের মধ্যে আরমান ক্ষেপণাস্ত্র, ৩৫৮ ড্রোন এবং খোরদাদ-৩ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্য। অস্ত্র, সরঞ্জাম ও যন্ত্রাংশ তৈরিতে এখন নিজস্ব জ্ঞান ও প্রযুক্তির ওপর নির্ভর করছে দেশটি।
সাম্প্রতিক ৪০ দিনের সংঘাতের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, এ সময় আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স শত্রুপক্ষের ২৬০টির বেশি যুদ্ধবিমান, ড্রোন ও অন্যান্য আকাশযানকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে অথবা সেগুলোর কার্যক্ষমতা নষ্ট করেছে। এসবের মধ্যে এফ-৩৫, এফ-১৮ ও এফ-১৫ যুদ্ধবিমান এবং এমকিউ-১, আরকিউ-৪, রিপার ও লুকাস ড্রোন রয়েছে বলে জানান তিনি।
মোহেব্বি আরও বলেন, যুদ্ধের পরিস্থিতি এবং বোমাবর্ষণের মধ্যেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন চালিয়ে যাওয়ার সক্ষমতা অর্জন করেছে ইরান। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র ও ড্রোন যাতে রাডারে সহজে শনাক্ত না হয়, সে বিষয়ে এবং স্টেলথ প্রযুক্তির উন্নয়নেও অগ্রগতি হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি জোর দিয়ে বলেন, ইরানের অস্ত্র উৎপাদন ও আধুনিকায়নের কার্যক্রম বন্ধ করতে শত্রুপক্ষের কোনো চেষ্টাই সফল হতে দেওয়া হবে না।
এস এম/ ০৭ নভেম্বর ২০২৬







