জাতীয়

রাজধানীর সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনে ৪০ মিনিটের ব্যবধানে ককটেল বিস্ফোরণ

ককটেল বিস্ফোরণ

ঢাকা,০৬ নভেম্বর-মাত্র ৪০ মিনিটের ব্যবধানে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস ও প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে আলাদা সময়ে এসব বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

রাত ৯টা ৩০ মিনিটের দিকে সোনারগাঁও হোটেলের এক নম্বর গেটের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে কাজ করছে পুলিশ। একই সঙ্গে ঘটনার তদন্তও চলছে।

এর কিছুক্ষণ পর রাত ১০টা ১০ মিনিটের দিকে রাজারবাগ পুলিশ লাইনসের ৩ নম্বর গেটের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পল্টন থানার ডিউটি অফিসার এএসআই সমহার বরুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা ওই বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায়ও কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।

এস এম/ ০৬ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language