উত্তর কোরিয়ার নতুন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা, চালিয়েছে ক্রুজ হামলার মহড়াও

পিয়ংইয়ং, ০৫ নভেম্বর-কারিগরি সক্ষমতা যাচাই করতে নতুন নকশার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। একই সঙ্গে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার মহড়াও চালিয়েছে দেশটি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে। এক মাসের মধ্যে এটি দেশটির চতুর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা।
বুধবারের এই পরীক্ষা এমন সময়ে চালানো হলো, যখন গত কয়েক সপ্তাহ ধরে উত্তর কোরিয়া একের পর এক বিভিন্ন ধরনের অস্ত্রের প্রদর্শনী করছে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে ক্লাস্টার মিউনিশন বা গুচ্ছ বোমা, আক্রমণকারী ড্রোন, নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম টর্পেডো ব্যবস্থা এবং মাঝারি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র।
কেসিএনএ জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই পরীক্ষার মাধ্যমে নতুন ব্যবহৃত উপকরণের প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও নির্ভরযোগ্যতা যাচাই করা হয়েছে। পাশাপাশি ক্ষেপণাস্ত্রের একাধিক নির্দেশনা পদ্ধতি এবং লক্ষ্যবস্তু শনাক্ত ও অনুসরণ করার ক্ষেত্রে ব্যবস্থাটির সক্ষমতাও নিশ্চিত হয়েছে।
সংবাদমাধ্যমটি আরও জানায়, বুধবার উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলে মোতায়েন করা দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউনিটের একটি উপ-ইউনিট কাল্পনিক একটি বিমানবন্দর লক্ষ্য করে হামলার মহড়া চালিয়েছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বুধবার জানিয়েছে, উত্তর কোরিয়ার সোন্দক এলাকা থেকে জাপান সাগরের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে দেখা গেছে। স্থলমাইন নিয়ে বিরোধের কারণে দুই কোরিয়ার সম্পর্ক এখন তলানিতে পৌঁছেছে। এ ছাড়া কিম জং উনের বোন চলতি সপ্তাহে ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার কোনো আগ্রহ উত্তর কোরিয়ার নেই।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় সামরিক কমিশনের সদস্য কিম জং-সিকের তত্ত্বাবধানে ‘মিসাইল অ্যাডমিনিস্ট্রেশন’ বা ক্ষেপণাস্ত্র প্রশাসন এই পরীক্ষা পরিচালনা করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, পরীক্ষার মাধ্যমে নতুন উপকরণের প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও নির্ভরযোগ্যতা, ক্ষেপণাস্ত্রের বুদ্ধিমান মাল্টিপল গাইডেন্স মোড, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার লক্ষ্যবস্তু শনাক্ত ও অনুসরণ করার সক্ষমতা এবং শনাক্তকরণ তথ্য প্রক্রিয়াকরণ যন্ত্রের কার্যকারিতা প্রমাণিত হয়েছে।
এ ছাড়া একই দিনে পূর্বাঞ্চলে মোতায়েন করা দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউনিটের একটি উপ-ইউনিট কাল্পনিক একটি বিমানবন্দর লক্ষ্য করে মহড়া চালিয়েছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, বুধবার ভোরে উত্তর কোরিয়ার সাউথ হামগিয়ং প্রদেশের সনদক এলাকা থেকে পূর্ব সাগরের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রগুলো ৩০০ কিলোমিটারেরও কম পথ পাড়ি দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলো স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে নির্বাচনের সময় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ইতিহাস রয়েছে উত্তর কোরিয়ার। মূলত এটিকে নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে দেখা হয়। চার বছর আগে মধ্যবর্তী নির্বাচন এবং দুই বছর আগে প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও দেশটি একই ধরনের কাজ করেছিল।
এস এম/ ০৫ নভেম্বর ২০২৬







