২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ হচ্ছে আজ, ঈদুল ফিতরে ৫ ও আজহায় ৬ দিন ছুটি

ঢাকা,০৪ নভেম্বর-মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করতে যাচ্ছে সরকার। নতুন তালিকায় আগামী বছরও পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে বলে জানা গেছে।
আজ বুধবারই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটির তালিকা নিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের মতো আগামী বছরও ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকবে। এ ছাড়া ঈদুল ফিতরের আগে দুই দিন ও পরে দুই দিনসহ মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। অন্যদিকে, ঈদুল আজহার আগে দুই দিন ও পরে তিন দিনসহ মোট পাঁচ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
এদিকে, নতুন প্রজ্ঞাপন অনুযায়ী দুর্গাপূজার বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
গত ২ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে।
এস এম/ ০৪ নভেম্বর ২০২৬







