উত্তর আমেরিকা

জনপ্রিয়তা কমলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ০৪ নভেম্বর=নিজ দেশের মানুষ একসময় তার ওপর বিরক্ত হয়ে গেলে যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলে চলে যাবেন। শুধু তাই নয়, সেখানে গিয়ে প্রধানমন্ত্রীও হবেন। এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইসরায়েলে তার জনপ্রিয়তা ৯৯ শতাংশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিন ফক্স নিউজের অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইসরায়েলে আমার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের মানুষ যদি কখনো আমার ওপর বিরক্ত হয়ে যায়, তাহলে আমি ইসরায়েলে চলে যাব এবং প্রধানমন্ত্রী হব।’

একই সাক্ষাৎকারে ইসরায়েলকে দেওয়া মার্কিন আর্থিক সহায়তা বন্ধের কথাও জানান ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে তার একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে বছরে ৪ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া বন্ধ করবে ওয়াশিংটন।

ট্রাম্পের দাবি, ইসরায়েলের এখন আর এই সহায়তার প্রয়োজন নেই। তবে দেশটির প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলেও জানান তিনি।

এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘ইসরায়েলকে অর্থ দেওয়ার বিষয়ে নেতানিয়াহু ও আমার একটি চুক্তি হয়েছে। আমরা ইসরায়েলকে বছরে ৪ বিলিয়ন ডলার দিই। কয়েক মাস আগেই আমরা সহায়তা বন্ধ করার বিষয়ে একমত হয়েছি। চলতি বছরের শেষ নাগাদ আমরা ইসরায়েলকে অর্থ দেওয়া বন্ধ করব। তবে তাদের প্রয়োজন হলে আমরা সহায়তা করব।’

ইসরায়েলকে অর্থ সহায়তা দেওয়ার বিষয়টি নিয়ে কিছু ডেমোক্র্যাট ও বামপন্থী রাজনীতিক রিপাবলিকানদের সমালোচনা করছেন বলেও দাবি করেন ট্রাম্প। এ সময় মিশিগানের সিনেটর পদপ্রার্থী আব্দুল এল-সায়েদের কথাও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শাসনামলে কংগ্রেসে প্রথমবারের মতো বড় ধরনের রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হতে পারে নির্বাচনের ফলাফলের মাধ্যমে।

এস এম/ ০৪ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language