মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলে কয়েকটি আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্পের দল

ওয়াশিংটন, ০৪ নভেম্বর-যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলাফলে রিপাবলিকানদের দখলে থাকা কয়েকটি আসনে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। এতে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারালে ট্রাম্পের আইন প্রণয়নের পরিকল্পনা আটকে দেওয়ার পাশাপাশি তার প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরু করার সুযোগ পাবে ডেমোক্র্যাটরা।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ওহাইও, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনাসহ কয়েকটি অঙ্গরাজ্যে ভোট গণনা শুরু হয়েছে। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের বাকি দুই বছর কংগ্রেসের ক্ষমতার ভারসাম্য কেমন থাকবে, তা নির্ধারণ করবে এই নির্বাচন।
প্রাথমিক ফলাফলে রিপাবলিকানদের দখলে থাকা কয়েকটি আসনে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটরা। এর ফলে ওয়াশিংটনে ট্রাম্পের নিয়ন্ত্রণ বড় ধরনের ধাক্কা খেতে পারে। একই সঙ্গে প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদের বাকি সময়ে ক্ষমতা সীমিত হয়ে আসতে পারে।
সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, মধ্যবর্তী নির্বাচনে সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টির ভোট গণনা চলছে। এর মধ্যে ৯টি আসনের ফল পাওয়া গেছে। সব মিলিয়ে ডেমোক্র্যাটরা পেয়েছেন ৪৩টি আসন এবং রিপাবলিকানরা পেয়েছেন ৩১টি আসন। অন্যদিকে প্রতিনিধি পরিষদে এখন পর্যন্ত ৫২টি আসনের ফল পাওয়া গেছে। এর মধ্যে ডেমোক্র্যাটরা ৩৬টি এবং রিপাবলিকানরা ১৬টি আসন পেয়েছেন। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে ২১৮টি আসন প্রয়োজন।
অন্যদিকে আল জাজিরার তথ্য অনুযায়ী, প্রতিনিধি পরিষদে এখন পর্যন্ত ডেমোক্র্যাটরা ৪৩টি আসনে জয় পেয়েছেন এবং রিপাবলিকানরা পেয়েছেন ১৯টি আসন। এ ছাড়া ডেমোক্র্যাটরা আরও ৯৯টি আসনে এবং রিপাবলিকানরা ৬৯টি আসনে এগিয়ে রয়েছেন। এখনো ২০৫টি আসনের ফল পাওয়া বাকি। সিনেটে ডেমোক্র্যাটরা পেয়েছেন ৪৩টি আসন এবং রিপাবলিকানরা পেয়েছেন ৩২টি আসন। এ ছাড়া ডেমোক্র্যাটরা আরও ৭টি আসনে এবং রিপাবলিকানরা ৬টি আসনে এগিয়ে রয়েছেন। সিনেটের ১২টি আসনের ফল এখনো আসেনি। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে ৫১টি আসন প্রয়োজন।
প্রাথমিক ফলাফলের পূর্বাভাসে প্রতিনিধি পরিষদের নির্বাচনে অংশ নেওয়া রিপাবলিকান পার্টির (জিওপি) কয়েকজন নেতা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, নির্বাচনে ডেমোক্র্যাটরা ভালো ফল করতে পারেন। জর্জিয়ায় রিপাবলিকান দলের এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, অঙ্গরাজ্যজুড়ে ভোটার উপস্থিতি নিয়ে বেশ কয়েকটি রিপাবলিকান প্রচারশিবির উদ্বিগ্ন। গুরুত্বপূর্ণ সিনেট ও গভর্নর নির্বাচনের ফল যখন অনিশ্চিত, তখন ডেমোক্র্যাটদের হারানোর মতো পর্যাপ্ত ভোট তারা পাবেন কি না, তা নিয়েও সংশয় রয়েছে।
এস এম/ ০৪ নভেম্বর ২০২৬







