জাতীয়

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা মামলায় দীপকে ফের ৭ দিনের রিমান্ডে নিতে পুলিশের আবেদন

দীপকে ফের ৭ দিনের রিমান্ডে নিতে পুলিশের আবেদন

ঢাকা,০৩ নভেম্বর-বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নৌপুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) এই মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে দীপকে রিমান্ডে নেওয়ার আবেদনে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে, ঘটনার দিন নিহত সৌরিকে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন আসামি দীপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ স্বীকার করেছেন, নিহত সৌরি তাঁর সিনিয়র বড় ভাই ছিলেন।

প্রাথমিক তদন্তে এই হত্যাকাণ্ডের সঙ্গে আসামি দীপের জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে এবং আসামি জামিনে বের হয়ে তদন্তের কাজে বাধা দিতে পারেন—এমন আশঙ্কায় তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি বলেও আবেদনে জানানো হয়।

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে গত ৩০ অক্টোবর রাতে রাজধানীর উত্তরখান থানায় মামলা করেন তাঁর বাবা কে এম এনায়েতুল করিম। পরে এই মামলায় দীপকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখায় পুলিশ।

এস এম/ ০৩ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language