মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীদের মিছিল

ঢাকা,০৩ নভেম্বর-ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে আন্দোলনে নেমেছেন পোশাকশ্রমিকেরা। টানা চতুর্থ দিনের মতো আজও তাঁদের আন্দোলন চলছে। এদিকে আন্দোলনকারীদের ঠেকাতে মিরপুর এলাকায় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল করতে দেখা গেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মিরপুর-১১ নম্বর এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে।
বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় আন্দোলনকারীদের বিরুদ্ধে মিছিল করেন যুবদলের নেতাকর্মীরা। পরে দুপুর ১টা ১৬ মিনিটের দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়।
টানা কয়েক দিন ধরে চলা এই আন্দোলনে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটছে। পাশাপাশি যানবাহনে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
এরই মধ্যে রাজধানীর মিরপুরে টানা তিন দিনের বিক্ষোভ, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে। এসব মামলায় কয়েক হাজার মানুষকে আসামি করা হয়েছে।
এস এম/ ০৩ নভেম্বর ২০২৬







