চার মাসে বাংলাদেশের পণ্য রপ্তানি বেড়েছে ৬ শতাংশ, আয় ১৭০৪ কোটি ডলার

ঢাকা,০১ নভেম্বর-২০২৬ সালের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশের পণ্য রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১৭ দশমিক ০৪ বিলিয়ন মার্কিন ডলার। আগের বছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ১৬ দশমিক ০৮ বিলিয়ন ডলার। সে হিসাবে রপ্তানি বেড়েছে প্রায় ৯৬ কোটি ডলার বা ৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
রপ্তানি প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে তৈরি পোশাক খাত। আলোচ্য সময়ে নিটওয়্যার রপ্তানি ৭ শতাংশ বেড়ে ৭ দশমিক ৭১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অন্যদিকে ওভেন পোশাক রপ্তানি ৪ দশমিক ৮ শতাংশ বেড়ে হয়েছে ৬ বিলিয়ন ডলার। মোট রপ্তানিতে এই দুই খাতের সম্মিলিত অংশ প্রায় ৮০ দশমিক ৪ শতাংশ। সামগ্রিক রপ্তানি বৃদ্ধির প্রায় ৮১ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে।
পোশাকের বাইরেও কয়েকটি পণ্য খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। পাট ও পাটজাত পণ্যে ২৩ দশমিক ৮ শতাংশ, চামড়া ও চামড়াজাত পণ্যে ১২ দশমিক ৭ শতাংশ এবং রাসায়নিক পণ্যে ২৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এসব খাতের রপ্তানি যথাক্রমে ৩৮ কোটি ৩০ লাখ, ৪৬ কোটি ৪০ লাখ এবং ১৫ কোটি ৭০ লাখ ডলারে পৌঁছেছে। এ ছাড়া হোম টেক্সটাইল ও পাদুকা রপ্তানি যথাক্রমে ৭ দশমিক ৪ শতাংশ ও ৯ দশমিক ৭ শতাংশ বেড়েছে।
তবে কৃষিপণ্য, হিমায়িত ও জীবন্ত মাছ এবং তুলা ও তুলাজাত পণ্যের রপ্তানি যথাক্রমে ১৩ দশমিক ৫ শতাংশ, ১০ দশমিক ৯ শতাংশ ও ১০ দশমিক ২ শতাংশ কমেছে।
সব মিলিয়ে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধির পাশাপাশি পোশাকের বাইরের কয়েকটি খাতের সম্প্রসারণের সম্ভাবনাও দেখা যাচ্ছে। এই ধারা ধরে রাখতে পণ্যের মান ও প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানো, নতুন বাজার খুঁজে বের করা এবং পিছিয়ে থাকা খাতগুলোর সমস্যা চিহ্নিত করে সমাধানের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
এস এম/ ০১ নভেম্বর ২০২৬







