কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদায় অ্যান্টিগুয়া গেলেন হুমায়ুন কবির

ঢাকা,০১ নভেম্বর-১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিতব্য ‘কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে’ পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদায় যোগ দিতে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
এ জন্য গতকাল শুক্রবার সকালে অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসের উদ্দেশে যাত্রা করেন তিনি। দুবাই ও লন্ডন হয়ে আজ তার সেন্ট জনসে পৌঁছানোর কথা রয়েছে।
তিনি ‘কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের’ উদ্বোধনী ও নির্বাহী অধিবেশনগুলোতে অংশ নেবেন। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একাধিক বৈঠক এবং কয়েকটি মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকেও যোগ দেবেন।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপন অনুযায়ী, কমনওয়েলথের বৈঠকে অংশ নেওয়ার সময়ের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে পূর্ণ পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। এই সফরে তিনি একজন ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা ও প্রটোকল সুবিধা পাবেন।
এস এম/ ০১ নভেম্বর ২০২৬







