জাতীয়

শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর মিরপুরের বন্ধ মেট্রো স্টেশন খুলে দেওয়া হয়েছে, চলাচল স্বাভাবিক

মেট্রো

ঢাকা,০১ নভেম্বর-রাজধানীর মিরপুর এলাকায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের কারণে বন্ধ করে দেওয়া মেট্রো স্টেশনগুলো আবার খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এমআরটি পুলিশের কন্ট্রোলরুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আজ দুপুরে জানিয়েছে, সব মেট্রো স্টেশন খোলা রয়েছে। মেট্রো চলাচলও স্বাভাবিক আছে।

এদিকে পুলিশ জানিয়েছে, মিরপুর এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়েছে।

এর আগে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের কারণে রবিবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুরের পল্লবী, মিরপুর-১১ ও মিরপুর-১০ নম্বর স্টেশন বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া শেওড়াপাড়া ও কাজীপাড়া স্টেশনও সাময়িকভাবে বন্ধ ছিল বলে জানা গেছে।

মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আজ সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম জানান, মানুষের ভোগান্তি কমাতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে। এ সময় সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। তবে কোনও লাঠিচার্জ করা হয়নি। কাউকে আটকও করা হয়নি। পুলিশের কোনও সদস্য আহত হননি। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মিরপুর-১০ এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সীমিত পরিসরে কিছু যানবাহন চলাচল শুরু হয়েছে।

এস এম/ ০১ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language