ইউরোপ

বসনিয়ায় ইইউ শান্তিরক্ষা মিশনের ইতালীয় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

ইতালীয় হেলিকপ্টার

রোম,৩০ অক্টোবর-বসনিয়া ও হার্জেগোভিনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ইতালির একটি সামরিক হেলিকপ্টার বৃহস্পতিবার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় চারজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এক বিবৃতিতে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হেলিকপ্টারটিতে চালকসহ মোট ১৫ জন ছিলেন। তারা সবাই ইতালির নাগরিক। নিহত চারজনের মধ্যে দুজন ইতালির সেনাবাহিনীর সদস্য এবং বাকি দুজন ইতালীয় রেডক্রসের স্বেচ্ছাসেবী সামরিক বাহিনীর সদস্য।

আহত ১১ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেন, “এই গভীর শোকের মুহূর্তে আমার প্রথম ভাবনা নিহতদের পরিবারের প্রতি। আমি ব্যক্তিগতভাবে এবং পুরো প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

ইতালীয় সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার ব্রকো জেলার গোরিচে গ্রামে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি সামরিক পরিবহন হেলিকপ্টার মাটিতে উল্টে পড়ে আছে এবং সেটি টুকরো টুকরো হয়ে গেছে।

হেলিকপ্টারটি ইউরোপীয় ইউনিয়ন ফোর্সের ‘অপারেশন আলথিয়া’র অংশ হিসেবে সেখানে মোতায়েন করা হয়েছিল। এই মিশনের কাজ হলো ডেটন শান্তি চুক্তির বাস্তবায়ন তদারকি করা।

ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কী পরিস্থিতিতে এই দুর্ঘটনা ঘটেছে, তা নিশ্চিত করতে তদন্ত চলছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “আমার ভাবনা নিহত ব্যক্তি, তাদের পরিবার এবং সেই সব মানুষের সঙ্গে রয়েছে, যারা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মিশনে যুক্ত থেকে বর্তমানে চরম যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন।”

এস এম/ ৩০ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language