দিলীপ আগরওয়ালার আরও ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

ঢাকা,২৫ অক্টোবর-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ আগরওয়ালার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (২৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন।
সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২১ অক্টোবর এ মামলায় দিলীপ আগরওয়ালার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক। ওই রিমান্ড শেষে রবিবার তাঁকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক সুমন মিয়া তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২০ অক্টোবর চোরাচালানের মাধ্যমে ৬৭৮ কোটি টাকার অবৈধ স্বর্ণ ও হীরা কেনাবেচা এবং অর্থ পাচারের অভিযোগে দায়ের করা একটি মামলায় দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন অন্য একটি আদালত। পরে উত্তরা পশ্চিম থানার আব্দুল জব্বার হত্যা মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
গত ১৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে দিলীপ আগরওয়ালাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ আগরওয়ালাকে গ্রেফতার করে র্যাব। পরে বিভিন্ন হত্যা মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়। এসব মামলায় জামিন পাওয়ার পর ২০২৫ সালের ১ অক্টোবর তিনি কারাগার থেকে মুক্তি পান।
এস এম/ ২৫ অক্টোবর ২০২৬







