হারাগাছ পৌরসভায় আ.লীগের বিদ্রোহী প্রার্থীর জয়

রংপুর, ০১ মার্চ – রংপুরে হারাগাছ পৌরসভায় দলের বিদ্রোহী প্রার্থীর কাছে বিপুল ভোটে হেরেছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী।
নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এরশাদুল হক পেয়েছেন ১৭ হাজার ২৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র হাকিবুর রহমান মাস্টার পেয়েছেন ৭ হাজার ১৬৩ ভোট। বিএনপির প্রার্থী পেয়েছেন মাত্র ৪ হাজার ৯২১ ভোট।
রংপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন রোববার (২৮ ফেব্রুয়ারি) রাতে হারাগাছ পৌর কার্যালয় থেকে এ ফল ঘোষণা করেন।
আরও পড়ুন : ভোটার তালিকায় ‘মৃত’, তাই টিকা নিতে পারছেন না স্কুলশিক্ষক!
বিদ্রোহী হওয়ায় এর আগে এরশাদুল হককে দল থেকে বহিষ্কারের সুপারিশ করে আওয়ামী লীগের জেলা কমিটি।
নির্বাচনের ফল ঘোষণার পর এরশাদুর হক জানান, ‘এটি জনগণের রায়। মানুষ আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছে। আমি তাদের সেবা করতে চাই।’ নিজেকে হারাগাছ পৌরবাসীর সেবা ও উন্নয়নের কাজে উৎসর্গ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এ পৌরসভায় মোট ভোটার ছিলেন ৪৯ হাজার ১৭ জন। মোট ভোট পড়েছে ৬৫ দশমিক ৫৯ শতাংশ।
গতকাল সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। পৌরসভার নয়টি ওয়ার্ডের ২০ কেন্দ্রে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়েছেন ভোটাররা।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০১ মার্চ









