ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে ৩ কোটি ২৩ লাখ টাকার স্বর্ণ, মদ, ইনজেকশন ও নিষিদ্ধ পণ্য জব্দ

ঢাকা,১৭ অক্টোবর-ঢাকা ও চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি পৃথক অভিযান চালিয়ে স্বর্ণবার, মদ, ডার্মাল ফিলার ও স্কিন বুস্টার ইনজেকশন, আমদানি নিষিদ্ধ গৌরি ক্রিম এবং ব্যবহৃত ল্যাপটপ (সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ) জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
১৫ ও ১৬ অক্টোবর পরিচালিত এসব অভিযানে জব্দ করা পণ্যগুলোর আনুমানিক মূল্য ৩ কোটি ২২ লাখ ৮৭ হাজার টাকা।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ, অবৈধভাবে পণ্য আমদানি বন্ধ এবং সরকারি রাজস্ব সুরক্ষার জন্য এসব অভিযান চালানো হয়েছে।
চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণবার আটক
গত ১৫ অক্টোবর সকাল ৭টা ৪৫ মিনিটে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার আটক করা হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেলে নজরদারির সময় যাত্রী আবদুল্লাহ আল নোমান প্রথমে ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার আনার ঘোষণা দেন। তবে জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বর্ণবার বহনের কথা অস্বীকার করেন।
পরে অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে কাস্টমস হলরুমে তার দেহ তল্লাশি করে স্বর্ণবারটি উদ্ধার করা হয়। ডিটেনশন মেমোর (ডিএম) মাধ্যমে আটক করা স্বর্ণবারটির শুল্ককরসহ আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৬ হাজার টাকা।
ঢাকা বিমানবন্দরে ৩০ লিটার মদ জব্দ
একই দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৩০ লিটার মদ জব্দ করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।
সকাল ১১টায় মুম্বাই থেকে এয়ার ইন্ডিয়ার এআই-২১৮৩ ফ্লাইটে আসা এক যাত্রীর ব্যাগেজ পরীক্ষা করে ১৬ লিটার মদ পাওয়া যায়। এ ছাড়া বিমানবন্দরের টয়লেটে পরিত্যক্ত অবস্থায় ৭ দশমিক ৫ লিটার মদ এবং অন্য দুই যাত্রীর কাছ থেকে আরও ৬ দশমিক ৫ লিটার মদ জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।
ডার্মাল ফিলার ও স্কিন বুস্টার ইনজেকশন আটক
১৬ অক্টোবর সকাল ১১টা ১৩ মিনিটে কলম্বো থেকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের ইউএল-১৮৯ ফ্লাইটে আসা যাত্রী মো. রাকিব হোসেনের ব্যাগেজ থেকে চার ধরনের ১৫৫টি ডার্মাল ফিলার ও স্কিন বুস্টার ইনজেকশন আটক করা হয়।
ব্যাগেজটি সন্দেহজনক মনে হওয়ায় স্ক্যান ও পরীক্ষা করে এসব পণ্য পাওয়া যায়। আটক করা পণ্যগুলোর মধ্যে রয়েছে রেস্টিলেন লিডোকেইন ৫৫টি, রেস্টিলেন লিফট লিডোকেইন ৫৪টি, জুভেডার্ম ভলুমা উইথ লিডোকেইন ৪০টি এবং প্রোফাইলো ৬টি।
এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৭ লাখ ৭৬ হাজার টাকা। কাস্টমস গোয়েন্দা জানায়, ত্বকের বলিরেখা কমানো, মুখের গঠন পরিবর্তন এবং ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ানোর কাজে এসব ইনজেকশন ব্যবহার করা হয়।
সংশ্লিষ্ট পণ্যগুলোর নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং আমদানির বৈধতা যাচাই করা হচ্ছে।
ফরেন পোস্ট অফিসে নিষিদ্ধ ক্রিম ও ব্যবহৃত ল্যাপটপ জব্দ
১৬ অক্টোবর ঢাকার বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৭ কার্টনে থাকা ১ হাজার ১০৪ কেজি আমদানি নিষিদ্ধ গৌরি স্কিন হোয়াইটেনিং ক্রিম এবং ২৩টি আমদানি নিষিদ্ধ ব্যবহৃত (সেকেন্ড হ্যান্ড) কোর আই-৫ ল্যাপটপ জব্দ করা হয়। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩৮ লাখ ৫ হাজার টাকা।
কাস্টমস গোয়েন্দা জানায়, অনুমোদনহীন ত্বক ফর্সাকারী ক্রিমে ক্ষতিকর উপাদান থাকার আশঙ্কা রয়েছে। জব্দ করা গৌরি ক্রিমে এ ধরনের উপাদান আছে কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে।
অন্যদিকে, আমদানি নিষিদ্ধ ব্যবহৃত ল্যাপটপ অনিয়ন্ত্রিতভাবে দেশে প্রবেশ করলে পণ্যের গুণগত মান, কার্যক্ষমতা ও নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি তৈরি হতে পারে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ, বৈধ ব্যবসার স্বার্থ রক্ষা এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দর, সমুদ্রবন্দর, স্থলবন্দর ও অন্যান্য শুল্ক স্টেশনে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
এস এম/ ১৭ অক্টোবর ২০২৬







