মধ্যপ্রাচ্য

সৌদির দাম্মাম ও রিয়াদ বিমানবন্দরসহ তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের

হামলার দাবি হুতিদের

সানা,১২ অক্টোবর- সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। একই সময়ে সৌদি আরবের আরও একটি বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ কয়েকটি তেল স্থাপনাতেও হামলা চালানোর কথা জানিয়েছে তারা। খবর আনাদোলুর।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার কারণে হওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে। তবে তাৎক্ষণিকভাবে হামলার সময়, হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

জিএসিএ জানিয়েছে, দেশটির বেসামরিক বিমান চলাচল কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার অংশ হিসেবেই এ ঘটনা ঘটেছে। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ড্রোন শনাক্ত করার পর আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে সেটি ধ্বংস করা হয়েছে।

এর আগে রবিবার দিনের প্রথমভাগে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার কথাও জানায় জিএসিএ। সংস্থাটির তথ্য অনুযায়ী, ওই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তবে আহত ব্যক্তিদের সঠিক সংখ্যা কিংবা তাঁদের আঘাতের মাত্রা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

অন্যদিকে, টেলিভিশনে দেওয়া এক বার্তায় কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেন হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। তাঁর দাবি, হামলায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানা হয়েছে, যার ফলে বিমান চলাচল ব্যাহত হয়েছে।

ইয়াহিয়া সারি আরও দাবি করেন, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি সৌদি খনিজ তেল কোম্পানি আরামকোর পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত শেডগাম গ্যাস প্ল্যান্ট ও তানাজিব তেল স্থাপনাতেও হামলা চালানো হয়েছে।

হুতি সামরিক মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, ইয়েমেনে সৌদি বিমান হামলার জবাব দিতেই এসব অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে সৌদি আরবে আরও হামলা চালানোর হুমকিও দিয়েছেন তিনি।

এস এম/ ১২ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language