নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে পুড়ল ৩০টি ঝুটের গোডাউন

নারায়ণগঞ্জ, ১২ অক্টোবর- নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি ঝুটের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বিলাসনগর এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গোডাউনের মালিক ইমরান হোসেন জানান, রাতে হঠাৎ একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, প্রতিটি গোডাউনে আনুমানিক ৫ থেকে ২০ লাখ টাকার ঝুটের কাপড় মজুত ছিল। আগুনে ৩০টি গোডাউনের বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। এতে এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। ক্ষতিগ্রস্তদের অনেকেই ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে এসব গোডাউন পরিচালনা করতেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও শিবু মার্কেট ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
এস এম/ ১২ অক্টোবর ২০২৬







