ক্রিকেট

১ অক্টোবর উন্মোচন হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ট্রফি ও সূচি প্রকাশের কাউন্টডাউন
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ।

আবুধাবি, ২৯ সেপ্টেম্বর- আফ্রিকা মহাদেশে বসছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আসর। টুর্নামেন্ট শুরুর ঠিক এক বছর আগে আগামী ১ অক্টোবর সময়সূচি উন্মোচন করা হবে। আইসিসি ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) মিলে এই সূচি প্রকাশ করবে।

১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বিশ্বকাপের সূচি উন্মোচন করা হবে। ওই দিন থেকেই শুরু হবে বিশ্বকাপের এক বছরের কাউন্টডাউন। একই সঙ্গে দর্শকদের জন্য বিশ্বকাপের টিকিটের ব্যালটও ছাড়া হবে। আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের ২ অক্টোবর বিশ্বকাপের খেলা শুরু হবে। ফাইনাল হবে ২১ নভেম্বর। দক্ষিণ আফ্রিকার সঙ্গে সহ-আয়োজক হিসেবে থাকছে জিম্বাবুয়ে ও নামিবিয়া।

এবারের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে ১৪ দল। ২০১৯ ও ২০২৩ সালের আসরে দলের সংখ্যা ছিল ১০। সেখান থেকে চার দল বাড়িয়ে এবার ১৪ দলের বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে। টুর্নামেন্টে সরাসরি অংশ নেবে ১০ দল। বাকি চার দলকে বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে। তিন আয়োজকের মধ্যে দুই দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে খেলবে। আরেক আয়োজক নামিবিয়াকে বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে।

দুই আয়োজক বাদে আরও আটটি দল র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করবে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে বাদে সেরা আট দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বর্তমান র‍্যাঙ্কিংয়ে ভারত (১), নিউজিল্যান্ড (২), পাকিস্তান (৪), অস্ট্রেলিয়া (৫), ইংল্যান্ড (৬), শ্রীলঙ্কা (৭), আফগানিস্তান (৮) ও বাংলাদেশ (৯)—এই আট দলই বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে রয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‍্যাঙ্কিংয়ে আর পরিবর্তন আসার সম্ভাবনা না থাকায় এরাই বিশ্বকাপে সরাসরি যাচ্ছে।

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে। ২০১৯ বিশ্বকাপেও বাছাইপর্ব পেরিয়ে খেলতে হয়েছিল উইন্ডিজদের। অন্যদিকে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাছাইপর্ব উতরাতে না পারায় বিশ্বকাপে খেলতে পারেনি তারা।

১ অক্টোবর থেকে টিকিটের ব্যালট ছাড়বে আইসিসি। তবে এখনই টিকিট কিনতে পারবেন না দর্শকরা। ১ অক্টোবর থেকে ব্যালটের জন্য নিবন্ধন করা যাবে। এবারের বিশ্বকাপের ফরম্যাটেও পরিবর্তন আসছে। বিষয়টি আগেই এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল আইসিসি। টুর্নামেন্টের ১৪ দল নিশ্চিত হওয়ার পর সবচেয়ে নিচের দিকের র‍্যাঙ্কিংয়ে থাকা তিন দলকে নিয়ে হবে সুপার সিরিজ। সেখানে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলার পর শীর্ষ দল যাবে পরের রাউন্ডে, বাকি দুই দল বাদ যাবে।

দ্বিতীয় রাউন্ডে ১২ দল মিলে ৩০টি ম্যাচ খেলবে। এখানে ছয়টি করে দল দুই গ্রুপে ভাগ হয়ে একে অপরের বিপক্ষে খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ তিনটি দল এবং দুই গ্রুপ মিলিয়ে পরবর্তী সেরা দল—এই সাত দল যাবে পরের রাউন্ডে, যেটি হবে সুপার সেভেন রাউন্ড।

সুপার সেভেনে সাত দল একে অপরের বিপক্ষে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। লিগ টেবিলের শীর্ষ চার দল সেমিফাইনালে যাবে। প্রথম স্থানে থাকা দল সেমিফাইনালে খেলবে চতুর্থ স্থানে থাকা দলের বিপক্ষে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল একে অপরের বিপক্ষে সেমিফাইনাল খেলবে। দুই সেমিফাইনালে জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে।

সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আসর বসেছিল ভারতে। ১০ দলের ওই টুর্নামেন্টে ফাইনালে খেলেছিল ভারত ও অস্ট্রেলিয়া। ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া।

এস এম/ ২৯ সেপ্টেম্বর ২০২৬




FAQ

প্রশ্ন: ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ কবে শুরু হবে?
উত্তর: নির্ধারিত সূচি অনুযায়ী ২০২৭ সালের ২ অক্টোবর বিশ্বকাপ শুরু হওয়ার কথা।

প্রশ্ন: ২০২৭ বিশ্বকাপে কয়টি দল খেলবে?
উত্তর: মোট ১৪টি দল অংশ নেবে।

প্রশ্ন: ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশ কি সরাসরি খেলবে?
উত্তর: ২৩ সেপ্টেম্বরের আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ নবম স্থানে রয়েছে। দক্ষিণ আফ্রিকাকে আয়োজক হিসেবে বাদ দিলে বাংলাদেশ বর্তমানে সরাসরি যোগ্যতার অবস্থানে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে ৩০ সেপ্টেম্বরের কাট-অফ র‍্যাঙ্কিং অনুযায়ী।

প্রশ্ন: ২০২৭ বিশ্বকাপ কোথায় হবে?
উত্তর: দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে আয়োজন করবে।

প্রশ্ন: ২০২৭ বিশ্বকাপের নতুন ফরম্যাট কী?
উত্তর: প্রথমে তিন দলের Super Series, এরপর ১২ দলের দুই গ্রুপের পর্ব, তারপর Super 7 এবং শেষে সেমিফাইনাল ও ফাইনাল।

প্রশ্ন: ২০২৭ বিশ্বকাপের ফাইনাল কবে?
উত্তর: প্রদত্ত সূচি অনুযায়ী ২১ নভেম্বর ২০২৭ ফাইনাল হওয়ার কথা।

Back to top button
🌐 Read in Your Language