উপসাগরীয় দেশগুলোর সহায়তায় ইরানে ফের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ইরান

তেহরান,২০ সেপ্টেম্বর- উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের সহায়তায় যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দেশটির সামরিক কমান্ড। রবিবার (২০ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘আইআরআইবি নিউজ’-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ড এমন কিছু তথ্য পেয়েছে, যার ভিত্তিতে তারা মনে করছে, ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে তাদের ‘কার্যকলাপ’ আবারও শুরু করার পরিকল্পনা করছে। এ বিষয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান।
ইরানি সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র কোনো হামলা চালালে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ধারাবাহিক পাল্টা হামলা চালানো হবে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনে যেসব আঞ্চলিক দেশ সহায়তা করবে, তাদেরও এই সংঘাতের পক্ষ হিসেবে বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।
সামরিক বাহিনী আরও দাবি করেছে, ইউরোপের একটি দেশে অনুষ্ঠিত যৌথ বৈঠকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছ থেকে যুক্তরাষ্ট্র তাদের এই পরিকল্পনার জন্য ‘সবুজ সংকেত’ পেয়েছে।
ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ড আঞ্চলিক দেশগুলোকেও সতর্ক করেছে। তারা বলেছে, ইরান ইস্যুতে ওই দেশগুলো যদি তাদের ‘দ্বিমুখী নীতি’ চালিয়ে যায়, তাহলে তাদের ‘সহযোগী’ হিসেবে বিবেচনা করা হবে। সেক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনীর কাছ থেকে কোনো ধরনের ‘সংযম বা সৌজন্য’ আশা করা উচিত হবে না বলেও সতর্ক করা হয়েছে।
এর আগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাম্প ডেভিডে সাপ্তাহিক ছুটি সংক্ষিপ্ত করে অপ্রত্যাশিতভাবে হোয়াইট হাউসে ফিরে আসেন।
এস এম/ ২০ সেপ্টেম্বর ২০২৬







