হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা চলছে: জেডি ভ্যান্স

ওয়াশিংটন, ১৫ সেপ্টেম্বর- যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, হুথিদের মায়ুন দ্বীপ দখলকে কেন্দ্র করে ইরান-সমর্থিত হুথিদের সঙ্গে ওয়াশিংটন ‘সরাসরি আলোচনা’ চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সোমবার তিনি এ কথা জানান।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, কানসাসে যাওয়ার আগে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভ্যান্সকে জিজ্ঞেস করা হয়, হুথিদের এই দখল নিয়ে তিনি উদ্বিগ্ন কি না এবং যুক্তরাষ্ট্র কীভাবে এর প্রতিক্রিয়া জানাবে।
জবাবে ভ্যান্স বলেন, ‘আমরা আমিরাত, সৌদি আরবসহ অঞ্চলের সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। বিষয়টি যুক্তরাষ্ট্র প্রশাসন খুব গুরুত্বের সঙ্গে দেখছে।’
তিনি আরও বলেন, ‘আমরা হুথিদের সঙ্গেও সরাসরি যোগাযোগে রয়েছি। তাই আমরা মনে করি পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।’
ভ্যান্স আরও বলেন, ‘এটি খুবই পরিবর্তনশীল ও গতিশীল পরিস্থিতি। আমরা নজরদারি চালিয়ে যাব এবং নিশ্চিত করব, যুক্তরাষ্ট্রের স্বার্থ সুরক্ষিত থাকে।’
ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘাত তীব্রতর হওয়া এবং সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলার প্রেক্ষাপটে ভ্যান্সের এই মন্তব্য এসেছে।
এস এম/ ১৫ সেপ্টেম্বর ২০২৬







