চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ভারতে উদ্ধার ১০ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ, ১৩ সেপ্টেম্বর- চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ১০ জনকে জীবিত উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। উদ্ধারের পর তাদের ভারতের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে উদ্ধার হওয়া বাংলাদেশিদের ফেরত দিয়েছে বিএসএফ।
শনিবার বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী ঘাট থেকে একটি ছোট নৌকা নারায়ণপুর ইউনিয়নের জোহুরপুর বেলপাড়া এলাকার উদ্দেশে ছেড়ে যায়। মাঝপদ্মায় পৌঁছালে ঝোড়ো বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
নৌকাটিতে ১২ জন যাত্রী ছিলেন। নৌকাডুবির পর ২০ দিনের একটি শিশুসহ ১০ জনকে বিএসএফ উদ্ধার করে ভারতের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে, ওয়াসিম নামে একজন সাঁতরে বাংলাদেশে ফিরে আসেন। তিনি বর্তমানে বাখের আলী বিজিবি ক্যাম্পে রয়েছেন।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, বাখের আলীতে নৌকাডুবির ঘটনায় ভারতে উদ্ধার হওয়া ১০ জনকে রাত ১০টার দিকে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ফেরত দিয়েছে।
আলীমনগর ঘাটের ইজারাদার আবুল কালাম দাবি করেন, নৌকাডুবির ঘটনায় ১১ জনই জীবিত উদ্ধার হয়েছেন। এ ঘটনায় বর্তমানে কেউ নিখোঁজ নেই।
এস এম/ ১৩ সেপ্টেম্বর ২০২৬







