মিয়ামিতে রানওয়ে ছাড়িয়ে অ্যামাজনের কার্গো বিমান দুর্ঘটনা, নিহত ৫

ওয়াশিংটন, ৭ সেপ্টেম্বর – যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে ছাড়িয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। বোয়িং ৭৬৭-৩০০ মডেলের উড়োজাহাজটি রানওয়ের সীমানা অতিক্রম করে পাশের এলাকায় গিয়ে কয়েকটি গাড়িতে ধাক্কা দেয় এবং এর পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।
এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আরও পাঁচজন আহত হয়েছেন। রবিবার স্থানীয় সময় দুপুর ২টার কিছু আগে পুয়ের্তো রিকোর সান জুয়ান থেকে আসা ফ্লাইট ৭৫৯৮ এই দুর্ঘটনার কবলে পড়ে। মিয়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা পাঁচজনের নিহতের খবর নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে এবং বাকি দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর বিমানটি থেকে প্রচণ্ড কালো ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। ককপিটে আটকে পড়া দুই পাইলটসহ আহতদের উদ্ধারে ৬০টির বেশি ফায়ার রেসকিউ ইউনিট ঘটনাস্থলে কাজ করে।
অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরের ট্যাক্সিওয়ে ও রানওয়েগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয় যার ফলে অসংখ্য ফ্লাইটের শিডিউল বিপর্যস্ত হয়ে পড়ে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে। ২১ এয়ার নামের একটি সংস্থা এই বিমানটি পরিচালনা করছিল। অ্যামাজন কর্তৃপক্ষ জানিয়েছে তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছে।
এস এম/ ৭ সেপ্টেম্বর ২০২৬







