মাদক মামলায় মিসরের আলোচিত উপস্থাপিকা সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

কায়রো, ৬ সেপ্টেম্বর – মাদক উৎপাদন ও পাচারের মামলায় মিসরের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তাদের বিরুদ্ধে মাদক তৈরির উপকরণ অবৈধভাবে আমদানি, মাদক উৎপাদন এবং পাচারের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র গঠনের অভিযোগ প্রমাণিত হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল আহরামের বরাতে এএফপি জানিয়েছে, কায়রোর একটি আদালত সারাহ খলিফা ও অপর ১১ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় প্রদান করেন। আদালতের নথিপত্র অনুযায়ী, আসামিদের বিরুদ্ধে মাদক তৈরিতে ব্যবহৃত কাঁচামাল সংগ্রহ করে কৃত্রিম মাদক উৎপাদন এবং তা পাচারের পাশাপাশি লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার অভিযোগ রয়েছে।
৩৯ বছর বয়সী সারাহ খলিফা মিসরে মিশন ইমপসিবল নামক একটি অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে ব্যাপক পরিচিত। এই অনুষ্ঠানটিতে মূলত নিরাপত্তা ও অপরাধ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হতো। তবে সারাহ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। সারাহ খলিফার দাবি, মাদকবিরোধী সংস্থার কর্মকর্তারা তাকে মাদকের সামনে দাঁড় করিয়ে জোরপূর্বক ছবি তুলেছেন।
তিনি আরও দাবি করেন যে, তার জীবনে এর আগে তিনি কখনো মাদক দেখেননি। তবে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আখবার এল ইয়োম জানিয়েছে, আসামিরা বিদেশ থেকে কাঁচামাল এনে কায়রোতে দুটি অ্যাপার্টমেন্টকে ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করে মাদক তৈরি করত। অভিযানে ওইসব স্থান থেকে ৭৫০ কেজির বেশি মাদক ও কাঁচামাল জব্দ করা হয়েছে।
মামলার বিচার প্রক্রিয়ায় মোট ২০ জন সাক্ষী তাদের জবানবন্দি দিয়েছেন। এছাড়া আসামিদের মধ্যকার কথোপকথনের অডিও রেকর্ড এবং ভিডিওসহ বিভিন্ন ইলেকট্রনিক প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। যদিও এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে।
এর পাশাপাশি সারাহ খলিফাসহ কয়েকজনকে একজন তরুণকে অপহরণ ও মারধরের একটি পৃথক মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সারাহ খলিফার একটি কসমেটিক সার্জারি ক্লিনিক এবং একটি প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে।
এস এম/ ৬ সেপ্টেম্বর ২০২৬







